কোচকে বিদায়ী উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়েই ফাবিও লোপেজকে বিদায় জানাল বাংলাদেশ দল। যদিও চীনের হেবেই ক্লাবের বিপক্ষে ১-০ গোলে পাওয়া জয়ের আগেই নিশ্চিত হয়ে যায় কোচের ভাগ্য। কাল দুপুরে কোচ বিদায়ের তোড়জোড় যখন চলছে, ঠিক তখনই চীনের ইউনান প্রদেশের আসিয়ান আমন্ত্রণমূলক টুর্নামেন্টের শেষ ম্যাচটা খেলার প্রস্তুতি নিচ্ছিল ফুটবল দল। কোচকে বরখাস্ত করার ঘোষণাও ততক্ষণে দিয়ে ফেলেছে বাফুফে।
ফুটবলাররা জানতেন না কোচের এটিই শেষ ম্যাচ। তাঁরা ভাবছিলেন চীন থেকে একটা জয় নিয়ে দেশে ফেরার কথা। ৩৯ মিনিটে তকলিচ আহমেদ গোল করলেন, ওই গোল ধরে রেখেই মাঠ ছেড়েছেন ফুটবলাররা। অধিনায়ক মামুনুল ইসলাম যে জয়ে উচ্ছ্বসিত, ‘আগের দুই ম্যাচে ভালো খেলেও আমরা জিততে পারিনি। তবে এ ম্যাচে জয় ধরা দিয়েছে, সবাই খুব ভালো খেলেছে। শেষ দিকে দুটি সুযোগ নষ্ট না হলে জয়টা বড়ই হতে পারত।’
এই টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচে হেরে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। টিকে থাকতে কাল প্রয়োজন ছিল বড় জয়। সেটি না পাওয়ায় গ্রুপে চার দলের সবার নিচে থাকা বাংলাদেশকে দেশেই ফিরতে হচ্ছে। গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাকি তিন দল—হেবেই, লিজিয়ান ও মিয়ানমার।
ম্যাচের পর ঘনিষ্ঠজনকে ঢাকায় খুদেবার্তা পাঠিয়ে লোপেজ প্রশ্ন তুলেছেন তাঁর বিদায়ের প্রক্রিয়া নিয়ে। বরখাস্ত হওয়ার খবরটা তাঁকে না জানিয়ে আগেই কেন সংবাদমাধ্যমে জানানো হলো? ফেডারেশনের কিছু কর্মকর্তার ‘আচরণ’ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, সভাপতি এসব জানেন না। তাঁকে জানানো উচিত। এও বলেছেন, সাফ সামনে রেখে দলে পরীক্ষা-নিরীক্ষা করে খারাপ কিছু করেননি।