কোচিংকে বিদায় ফন গালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফন গাল
ফন গাল

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর শোনা যাচ্ছিল, লুই ফন গালের বিরতিটা অল্প কদিনের। আবার কোনো না কোনো ক্লাবের ডাগআউটে ঠিকই দেখা যাবে তাঁকে। মাঝে জার্মানির একটি ক্লাবকে ঘিরে গুঞ্জন শোনা গেছে, চীনের একটি ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু এসবে আর আগ্রহ নেই ডাচ কোচের, কোচিংই ছেড়ে দিচ্ছেন তিনি।
সিদ্ধান্তটা নিয়েছেন পরিবারের প্রয়োজনে। গত মাসেই মারা গেছেন তাঁর জামাতা। শোকের এই সময়টাতে পরিবারের সঙ্গে থাকতে চান। বয়সও হয়ে গেছে ৬৫। ডাচ পত্রিকা ডি টেলিগ্রাফকে বলেছেন, ‘চাইলে চীনে যেতে পারতাম। কিন্তু যাইনি। আমার পরিবারে এত ঘটনা ঘটে গেছে যে, সবকিছুই এখন অন্যভাবে দেখছি। (ইউনাইটেড ছাড়ার পর) বলেছিলাম, থেমে যাব। পরে মত বদলে কিছুদিন বিরতি নেওয়ার কথা ভেবেছিলাম। এখন মনে হচ্ছে, কোচিংয়ে আমি আর ফিরবই না।’
অবসরের ভাবনাটা নাকি ২০১৪ বিশ্বকাপের পরই মাথায় এসেছিল। তা নেননি ম্যানচেস্টার ইউনাইটেড দৃশ্যপটে চলে আসায়, ‘আসলে বিশ্বকাপের (ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ) পরই থেমে যেতে চেয়েছিলাম। কিন্তু তখন ইংল্যান্ড থেকে প্রস্তাবটা এল। অসাধারণ এই দেশটিও এখন আমার জীবনবৃত্তান্তে যোগ হয়ে গেছে।’
ক্যারিয়ারে আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো ক্লাব সামলেছেন, কম-বেশি সফলও হয়েছেন। হল্যান্ড জাতীয় দলেরও কোচ ছিলেন দুবার। ইউনাইটেড হতে পারত তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি রঙিন অধ্যায়। কিন্তু সেখানে ব্যর্থই বলা যায়। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর ইংলিশ ক্লাবটির হাল ধরা অবশ্য সহজও ছিল না। সাফল্য বলতে একটি এফএ কাপ! তিন বছরের চুক্তির এক বছর বাকি থাকতেই শেষ হয়ে গেছে ইউনাইটেড-অধ্যায়।
তবে সেটিই ফন গালের চোখে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন, ‘(ইউনাইটেডে) শেষ ছয় মাস ধরেই আমি একেবারে কিনারায় চলে এসেছিলাম। ইংলিশ মিডিয়া আমার মাথাটাকে গিলোটিনের ওপর রেখেছিল। ওই সময়টাতে নিজের দর্শনে টিকে থাকা ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের অনুপ্রাণিত করার কাজটিও করতে হয়েছে।’ রয়টার্স।