তালিকাটা অনেক লম্বা। সবার নাম লেখার জায়গা কোথায়! তবে তাঁদের মধ্য থেকে নামীদামি কয়েকজনের নাম লেখাই যায়—কেনি ডালগ্লিশ, রুড খুলিত, জিয়ানলুকা ভিয়াল্লি, রবার্তো কার্লোস, রায়ান গিগস। এঁরা সবাই ফুটবল ছাড়ার আগেই ম্যানেজারের দায়িত্ব নিয়েছিলেন কোনো না কোনো ক্লাবের। এবার এই দলে নাম উঠল স্যামুয়েল ইতোরও। ৩৪ বছর বয়সী ক্যামেরুনিয়ান স্ট্রাইকারকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তুরস্কের ক্লাব আনতালিয়াস্পোর। গত জুনে তিন বছরের চুক্তিতে আনতালিয়াস্পোরে যোগ দেওয়া ইতোকে স্থায়ীভাবেই ম্যানেজার করা হবে কি না সেটা জানা যাবে শীতকালীন বিরতির পর। খেলোয়াড়ি জীবনের মতো কোচিংয়েও সফল হবেন কি না সেটা সময়ই বলবে। তবে খুব একটা আশাবাদী নন ইতোর সাবেক ক্যামেরুন সতীর্থ প্যাট্রিক এমবোমা। কারণটাও ব্যাখ্যা করেছেন এমবোমা, ‘তাঁর ব্যক্তিত্ব ও ফুটবলজ্ঞান নিয়ে প্রশ্ন নেই। তবে তাঁর ধৈর্য আছে কি না তা নিয়ে আমি সন্দিহান।’ বিবিসি।