কোচিংয়ে বাবা-ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন আনচেলত্তি-তনয় দাভিদে l ফাইল ছবি
কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন আনচেলত্তি-তনয় দাভিদে l ফাইল ছবি

জার্মানিতে দুর্দান্ত সূচনা হয়েছে কার্লো আনচেলত্তির। বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। পরশু শুরু হচ্ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। মৌসুম শুরুর প্রস্তুতিতে দল গুছিয়ে নিচ্ছেন আনচেলত্তি। সে প্রক্রিয়ার অংশ হিসেবেই দলে ডেকেছেন নিজের পুত্র দাভিদেকে। ২৭ বছর বয়সী দাভিদে কিন্তু খেলোয়াড় নন, সহকারী কোচ হিসেবে যুক্ত হচ্ছেন বায়ার্নে। এসি মিলানের যুব দলে খেলা দাভিদে খেলোয়াড় হিসেবে সুবিধা করতে না পেরে কোচিংকেই বেছে নিয়েছেন ক্যারিয়ার হিসেবে। বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা অবশ্য নতুন নয় তাঁর। রিয়াল মাদ্রিদেও কার্লোর সঙ্গে কাজ করেছিলেন, তখন অবশ্য রোনালদোদের ফিটনেস কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। বাবা রিয়াল ছাড়ার পর তিনিও চলে আসেন স্প্যানিশ রাজধানীর মায়া কাটিয়ে। এক মৌসুম বিরতি দিয়ে বায়ার্নে এসে আবারও জুটি বাঁধলেন দুজন। এবার অবশ্য পদোন্নতি হয়েছে দাভিদের, এবার ফিটনেস কোচ নন, বাভারিয়ান দলটির সহকারী কোচ হচ্ছেন তিনি। ডেইলি মেইল।