কোচ-বাফুফে দ্বন্দ্ব চরমে

এমনিতেই সম্পর্কটা নিয়ে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে। গত জুনে আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য নিয়োগ পাওয়ার পর দুই ডাচ কোচ বরাবরই অলোচনায় ছিলেন মাঠের বাইরের বিষয় নিয়ে। মূলত তাঁদের বেতন। বেতন বকেয়া পড়তে পড়তে সাত মাস পর্যন্ত পৌঁছেছিল। চার মাস ছুটি কাটিয়ে ২ আগস্ট সহকারী রেনে কোস্টারকে নিয়ে লোডভিক ডি ক্রুইফ ঢাকা ফেরেন।
বকেয়া বেতনের ষাট-সত্তর ভাগ দেওয়ার আশ্বাস নাকি তাঁদের দেওয়া হয়েছিল। আশা করা গিয়েছিল, দুই ডাচকে নিয়ে নাটকের আপাতত যবনিকাপাত ঘটল। কিন্তু সেটা আরও বাড়ল এবং দুই পক্ষের সম্পর্ক এখন ভাঙনের মুখে। ক্রুইফ ঢাকায় তাঁর এক ঘনিষ্ঠজনকে পরশু রাতে বিকেএসপি থেকে ফোনে বলেছেন, এভাবে চলতে থাকলে আগামী সপ্তাহান্তে সহকারীকে নিয়ে নাকি বাফুফের চাকরি ছাড়তে পারেন!
নতুন করে ঝামেলাটা বাধল, এশিয়ান গেমসের জন্য বিকেএসপিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প করা নিয়ে। বিকেএসপিতে থাকা নিয়ে পরশু বিকেএসপি সফরে যাওয়া কয়েকজন সাংবাদিককে ডি ক্রুইফ ক্ষোভের সঙ্গে বলেন, ‘এখানে থাকা হরিবল (ভয়ংকর), ডিজাস্টার (মহা বিপদ)!’
বিকেএসপিতে থাকা-খাওয়া-ক্যাম্প করা নিয়ে অতীতে কোনো বিদেশি কোচ সেভাবে অভিযোগ না তুললেও ডি ক্রুইফ ও তাঁর সহকারী সন্তুষ্ট নন। রুমের নোংরা পরিবেশ, ভাঙা ওয়ার্ডরোব, তোলাপোকা, টয়লেটের দুরবস্থা, রুমে ইন্টারনেট সংযোগ না পাওয়া ইত্যাদি অভিযোগ তুলে ডি ক্রুইফ বলেছেন, ‘বিকেএসপিতে শুধু মাঠ ভালো। আর সব খারাপ। এমন পরিবেশে আমি ক্যাম্প করতে রাজি নই। সপ্তাহ খানেক পর ঢাকা ফিরে যাব।’
একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন প্রতিশ্রুত বকেয়া বেতন না পাওয়ায়। এ প্রসঙ্গে বাফুফে কর্মকর্তাদের মিথ্যাবাদীও বলেছেন। গতকালের পত্রিকায় এ নিয়ে প্রকাশিত প্রতিবেদন দেখে বাফুফেও খুব চটেছে। বাফুফে কর্মকর্তারা বলছেন, কোচদের বেতন দেওয়া হয়েছে এবং তাঁদের সব চাওয়া পূরণ করার পরও কেন তিনি এমন অভিযোগ তুলছেন তা বোধগম্য নয়।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈমের কথা, ‘প্রতিশ্রুতি অনুযায়ী কোচদের তিন মাসের বকেয়া বেতন দেওয়া হয়েছে। বিকেএসপিতে যাওয়ার পর যেসব সমস্যা তাঁরা দেখিয়েছেন, সেগুলো ছিল প্রথম দিনের। এরপর সবই সমাধান করা হয়েছে। ঢাকা থেকে লোক পাঠিয়ে রুম পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে, এত কিছু করার পরও কোচদ্বয়ের অভিযোগ সত্য নয়।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খুবই ক্ষুব্ধ। এই প্রতিবেদককে কাছে বলেই ফেললেন, ‘কোচদের বেতনের বাকি ৩০-৩৫ লাখ টাকা দিয়ে বিদায় করে দেব। এমন কোচের আমাদের দরকার নেই, যে সারাক্ষণ অহেতুক অভিযোগ করতে থাকে। এটা তো ইউরোপ নয় যে ইউরোপের মতো সুযোগ-সুবিধা পাবে।’
বাফুফে অবশ্য এখনই কঠিন কোনো সিদ্ধান্ত নিতে চায় না। কোচের চাহিদা পূরণে তারা বরং আরও উদ্যোগীই হয়েছে। বিকেএসপিতে মন্ত্রীপর্যায়ের অতিথিদের জন্য যে স্যুইট আছে, সেটাই দেওয়া হচ্ছে কোচকে।
বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য তাবিথ আউয়াল আজ বিকেএসপি যাবেন কোচের সঙ্গে কথা বলতে। তাঁর বার্তা নাকি একটাই, বাফুফে সম্ভব সবকিছু করবে। এর পরও তিনি থাকতে না চাইলে বিদায় নিতে পারেন।