মৌসুমের সেরা পারফরম্যান্সটা কি তাহলে তুলেই রেখেছিল আবাহনী? বিদায়ী কোচ জর্জ কোটানকে এর চেয়ে ভালো উপহার আর কীই -বা দিতে পারতেন আবাহনীর ফুটবলাররা! যে শেখ রাসেলের কাছে প্রথম পর্বে ২-০ গোলে হেরেছিল আবাহনী, কাল তাদের উড়িয়ে দিল ৫-০ গোলে। সবচেয়ে বড় কথা, আবাহনী মৌসুমের সেরা ফুটবল ম্যাচটাই খেলল কাল। হ্যাটট্রিক করেছেন সানডে।
৪১ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন ছোট নাসির। ৫৪ মিনিটে কোমলের ক্রস থেকে সানডে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে শাহেদের গোলায় ৩-০ করে আবাহনী। ৮২ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢোকেন সানডে, শূন্যে বাঁকানো অসাধারণ শটে করেন ৪-০। ৯০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সানডে। এই জয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠল আবাহনী। ২৯ পয়েন্ট নিয়ে তিনে শেখ রাসেল।
শেষ মিনিটে ব্রাদার্সের জয়
‘একটা জয়ই বদলে দিতে পারে সবকিছু। ট্র্যাকে ফিরতে জয়টা আমাদের ভীষণ জরুরি ছিল’—ম্যাচ শেষে শুকনো মুখে বলছিলেন মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফ। দিন দিন ‘জয়’ শব্দটা মুক্তিযোদ্ধার ফুটবলারদের কাছে যেন অচেনা হয়ে উঠছে।
কালকের ম্যাচের একপর্যায়ে কিন্তু কোচকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ফুটবলাররা। ৭৮ মিনিট পর্যন্ত ২-১-এ এগিয়ে। কিন্তু শেষ ১২ মিনিটে দুই গোল খেয়ে ব্রাদার্সের কাছে হেরেই গেছে মুক্তিযোদ্ধা (৩-২)। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে মুক্তিযোদ্ধার হৃদয় ভেঙেছেন ব্রাদার্সের ফরোয়ার্ড রনি।
লিগের প্রথম পর্বের শুরুতে টানা চার ম্যাচ জিতেছিল যে মুক্তিযোদ্ধা তারাই দ্বিতীয় পর্বে ধুঁকছে। সর্বশেষ জয় প্রথম পর্বের শেষ ম্যাচে—২২ মে, ফরাশগঞ্জের বিপক্ষে। দ্বিতীয় পর্বে এ পর্যন্ত টানা পাঁচ ম্যাচে জয় নেই অন্তঃকলহে জর্জরিত দলটির।
ম্যাচের শুরুতে অবশ্য মুক্তিযোদ্ধার খেলায় জয়ের ইচ্ছেটাই দেখা গিয়েছিল। ১৪ মিনিটে সিরাজির ক্রস থেকে অরক্ষিত কামারা সারবার হেডে প্রথমে এগিয়ে যায় তারা। কিন্তু ১৮ মিনিটে কেস্টার আকন সমতায় ফেরান ব্রাদার্সকে। ৩৪ মিনিটে ফয়সালের ক্রসে মাথা ছুঁইয়ে কামারা আবার এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলশোধে মরিয়া ব্রাদার্সকে দেখা যায় অন্যরূপে। অগাস্টিন ওয়ালসন কয়েকটি সুযোগ নষ্ট করলেও ৭৮ মিনিটে ব্রাদার্সকে ম্যাচে ফেরান সেনেগালিজ ফরোয়ার্ড কেস্টার আকন (২-২)। আর যোগ হওয়া সময়ে কেস্টারের ক্রস থেকেই হেডে রনি গোলটি করতেই উল্লাসে মেতে ওঠে ব্রাদার্স। প্রথম পর্বে ব্রাদার্স ৫-২ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধাকে।
এই জয়ে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চারে ব্রাদার্স। ২১ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা ছয়েই রইল। শেষ মিনিটে এভাবে ৩ পয়েন্ট এনে দেওয়ায় খেলোয়াড়দের প্রশংসায় ভাসালেন ব্রাদার্স কোচ সৈয়দ নইমুদ্দিন, ‘ভাগ্য সাহসীদেরই পক্ষে থাকে। ছেলেরা আজ ভালো খেলারই ফল পেয়েছে।’