
শীতের বিকেলেও কপালে জমা বিন্দু বিন্দু ঘাম। আবাহনী ক্লাবে যখন ঢুকলেন, চেহারায় রাজ্যের ক্লান্তি। ক্রোয়েশিয়া থেকে প্রায় ১৪ ঘণ্টার বিমানভ্রমণ শেষে দ্রাগো মামিচ ঢাকা বিমানবন্দরে নামেন কাল সকাল আটটায়। কিন্তু আবাহনীর নতুন ফুটবল কোচ বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তার কক্ষে বসে ছিলেন ঘণ্টা চারেক। আবাহনী ক্লাবের একজন প্রতিনিধি তাঁকে অভ্যর্থনা জানাতে সকাল থেকেই বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ভিসা জটিলতার কারণে বিমানবন্দর থেকে বেরই হতে পারছিলেন না ক্রোয়াট ভদ্রলোক। শেষ পর্যন্ত বেলা একটায় ‘অন-অ্যারাইভাল’ ভিসা করিয়ে মামিচকে বিমানবন্দর থেকে বের করে আনেন ক্লাব কর্মকর্তারা।
ধানমন্ডির ক্লাবে ঢুকতেই মামিচের সঙ্গে দেখা ফুটবলার জুয়েল রানার। কোচকে দেখে হাসিমুখে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন এই ফরোয়ার্ড। এরপর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর সঙ্গে কোচ রুদ্ধদ্বার বৈঠক করেন কিছুক্ষণ। অনুশীলন শুরুর আগে ক্লাব ভবনের নিচতলার কক্ষে ফুটবলারদের নিয়ে বসেন কোচ।
গত মৌসুমের শুরুতে আবাহনীর দায়িত্বে ছিলেন এই মামিচই। কিন্তু স্ত্রীর অসুস্থতার কথা বলে মাত্র ১২ দিন ফুটবলারদের অনুশীলন করিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। এরপর জর্জ কোটান এসে হাল ধরেন আবাহনীর। ফেডারেশন কাপ ও লিগ শিরোপা জিতিয়েই দেশ ছাড়েন এই অস্ট্রিয়ান।
এত দিন পর আবাহনীতে ফিরে তাই শুরুতে দুঃখ প্রকাশ করলেন মামিচ, ‘আমি এখানে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। মৌসুম শুরুর সময় কোচবিহীন অবস্থায় এভাবে ক্লাব ছেড়ে যাওয়া ঠিক হবে কি না তা নিয়েও ভেবেছিলাম। আসলে কাজটা ভালো হয়নি। কিন্তু স্ত্রী অসুস্থ থাকায় আমাকে দেশে ফিরতেই হতো। এরপর আমি আর ফিরে আসতে চাইনি। কারণ, তত দিনে কোটান যোগ দিয়েছেন।’
আপাতত আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ও মার্চের এএফসি কাপের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মামিচকে। তবে ক্লাব কর্মকর্তারা চাইছেন পুরো মৌসুমের জন্যই তাঁকে রেখে দিতে।
কোটানের অধীনে গত মৌসুমে দারুণ ছন্দে ছিল আবাহনী। লিগে সব ম্যাচে ছিল অপরাজিত। দুটি ট্রফি তো জিতেছেই, ফাইনাল খেলেছে স্বাধীনতা কাপেরও। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে যেন মরিয়া মামিচ, ‘আবাহনী এবার ফেডারেশন কাপ ও লিগ জিতেছে। ক্লাব অবশ্যই এর পুনরাবৃত্তিই দেখতে চাইবে। যদিও কোনো নিশ্চয়তা নেই যে, আমরা সব জিতব। তবে চেষ্টা করব এর চেয়েও ভালো কিছু করার। বড় ক্লাব হিসেবে অবশ্যই চেষ্টা থাকবে সব ট্রফি জেতা এবং লিগ শিরোপা ধরে রাখার।’
আবাহনীকে সর্বশেষ লিগ জেতানোয় বড় অবদান ছিল দুই বিদেশি সানডে সিজোবা ও লি টাকের। নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে আবারও আবাহনীতে ফিরতে প্রস্তুত। কিন্তু ব্রিটিশ ফুটবলার লি ক্লাব ছেড়েছেন মৌসুম শেষেই। যদিও লির অনুপস্থিতি তেমন প্রভাব পড়বে না বলেই মনে করছেন মামিচ, ‘খেলোয়াড় আসবে খেলোয়াড় যাবে, কোচ আসবে কোচ যাবে, এটাই তো নিয়ম। কিন্তু ক্লাব একটা প্রতিষ্ঠান। এটা টিকে থাকবে। দলের একটাই লক্ষ্য—শিরোপা জেতা। আমি জানি, লি লিগে ১০ গোল করেছে। অনেক গোল করিয়েছেও সে। কিন্তু এই দলে এখনো কিছু মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। ক্লাবেও কিছু ভালো লোক রয়েছে। এদের সবাইকে নিয়ে ভালো কিছু করা সম্ভব।’