কোটানের ওপর চোখ বিজেএমসির
বাংলাদেশের ফুটবলের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। ২০০৩ সাফ ফুটবলজয়ী বাংলাদেশ দলের কোচ ছিলেন তিনি। জর্জ কোটান জাতীয় দলের পর মুক্তিযোদ্ধা ক্লাবেরও কোচ ছিলেন কিছুদিন। বেশ কয়েক বছর ধরে অবশ্য বাংলাদেশের সঙ্গে যোগাযোগ নেই কোটানের। তবে এবার বিজেএমসির কল্যাণে আবার উঠে আসছে তাঁর নাম। আগামী মৌসুমের জন্য এই অস্ট্রিয়ানকে কোচ হিসেবে পেতে চায় বিজেএমসি ফুটবল দল।
তাঁর সঙ্গে কথাও বলেছে বিজেএমসি। কোটানের আসতে নাকি আপত্তি নেই। তবে দলটির নীতিনির্ধারকেরা টাকার সংস্থান করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। বিজেএমসির ফুটবল দল গড়ার সঙ্গে সম্পৃক্ত অমিত খান শুভ্র কাল জানালেন, ‘জয় ভাই (ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যিনি মন্ত্রী হওয়ার আগে বিজেএমসির পরিচালক ছিলেন) কোটানের সঙ্গে কথা বলেছেন। কোটান আসতে চান। বিজেএমসির চেয়ারম্যান বিদেশ সফর শেষে দু-এক দিনের মধ্যে দেশে ফিরলে ব্যাপারটা নিয়ে কথা বলব। টাকার ব্যবস্থা হলেই কোটানকে আনতে চাই আমরা।’
বিজেএমসির এবার অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে খেলা ১০ খেলোয়াড়কে প্রিমিয়ার লিগের জন্য নিবন্ধন করাচ্ছে। তারুণ্যনির্ভর এই দলের সঙ্গে কোটানের মতো অভিজ্ঞ একজন কোচকে জুড়ে দিতে পারলে ভালো ফল আসবে বলে মনে করেন কর্মকর্তারা।