কোটানের শেষ ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার চাকরিতে যোগ দিতে বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন আগেই। সেই সময়ও এসে গেল। আগামীকালই ঢাকা ছাড়ছেন জর্জ কোটান। তার আগে আজ শেষবারের মতো ডাগ-আউটে দাঁড়াবেন আবাহনীর অস্ট্রিয়ান কোচ। উপলক্ষটাও বেশ বড়। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ লিগ লড়াইয়ে শেখ রাসেলের মুখোমুখি আবাহনী।
প্রিমিয়ার লিগে কাগজে-কলমে শিরোপা জয়ের সম্ভাবনা দুই দলেরই। ১৪ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৭, ১৩ ম্যাচে শেখ রাসেলের ২৯। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। কাজেই আজকের ম্যাচটি লিগের গতিপথ ঠিক করে দিতে পারে অনেকটাই।
লিগে টিকে থাকা, তার ওপর কোচকে বিদায়ী উপহার দেওয়া—এই ম্যাচ থেকে আবাহনীর খেলোয়াড়দের চাওয়া অনেক। অন্যদিকে শেখ রাসেল লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে জয়ের জন্য মরিয়া। জয় দিয়ে শেষ করতে চান কোটানও। বাংলাদেশকে ২০০৩ সালে সাফ জিতিয়েছেন, এরপর মুক্তিযোদ্ধার কোচ ছিলেন। চলমান লিগ শুরুর আগে দায়িত্ব নেন আবাহনীর। আর কখনো বাংলাদেশে আসা হবে কি না তিনি জানেন না। শুধু বললেন, ‘এটিই আমার বিদায়ী ম্যাচ। বিদায় সব সময় বেদনার। চাই বাংলাদেশ অধ্যায়টা হাসিমুখেই শেষ করতে।’