কোটান-রাফো 'ড্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি ম্যাচ শেষে আবাহনীর জর্জ কোটানের (ডানে) সঙ্গে মুক্তিযোদ্ধার ফ্লাভিও রাফোর শুভেচ্ছা বিনিময়। কাল সামরিক জাদুঘর মাঠে l প্রথম আলো
প্রীতি ম্যাচ শেষে আবাহনীর জর্জ কোটানের (ডানে) সঙ্গে মুক্তিযোদ্ধার ফ্লাভিও রাফোর শুভেচ্ছা বিনিময়। কাল সামরিক জাদুঘর মাঠে l প্রথম আলো

প্রীতি ম্যাচের আড়ালে লড়াইটা ছিল দুই ইউরোপিয়ান কোচের। অস্ট্রিয়ান জর্জ কোটান আর ইতালিয়ান ফ্লাভিও রাফো একই বিন্দুতে মিলেছেন বাংলাদেশে এসে। দুজনই বাংলাদেশের পেশাদার লিগের দুই দলের কোচ। মৌসুম শুরুর আগেই কাল মুখোমুখি হলেন দুজন।
ম্যাচের আগে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে সিগারেট টানছিলেন ফ্লাভিও রাফো। হোক প্রীতি ম্যাচ, কিন্তু নিজের প্রথম ‘পরীক্ষা’য় যে বেশ স্নায়ুচাপে ছিলেন মুক্তিযোদ্ধার ইতালিয়ান কোচ, তা ভালোই বোঝা যাচ্ছিল। শুধু সিগারেটই নয়, ডাগ-আউটে রাফোর হাত-পা ছুড়ে চিৎকার করাটাও দারুণ উপভোগ করেছে সামরিক জাদুঘরের মাঠে খেলা দেখতে আসা শ খানেক দর্শক।
ঠিক বিপরীত দৃশ্য আবাহনীর ডাগ-আউটে। নিস্তরঙ্গ মুখে খেলা দেখছিলেন জর্জ কোটান। আবাহনীর অস্ট্রিয়ান কোচ গভীরভাবে চোখ রেখেছিলেন ম্যাচটির ওপর। মাঝে মাঝে যা একটু নির্দেশনা দেওয়ার সেটা বুঝিয়ে দিচ্ছিলেন সহকারী অমলেশ সেনকে।
কাল কোটান খেলিয়েছেন ৩-৫-২ ছকে। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া এবং বল দেওয়া-নেওয়ার ওপরই বেশি জোর দিয়েছেন কোটান। আর রাফো কখনো ৪-১-৪-১, কখনো ৪-৫-১ ফর্মেশনে খেলিয়েছেন। নিজেদের পায়ে বল রেখে একসঙ্গে আক্রমণে উঠেছে মুক্তিযোদ্ধার ফুটবলাররা, যদিও তাড়াহুড়ো করার কারণে শেষ পর্যন্ত অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলেছে।
গত ডিসেম্বরের শেষ সপ্তাহে আবাহনীর দায়িত্ব নিয়েই সেনাবাহিনীর সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন কোটান। এভাবে প্রতি সপ্তাহে অন্তত একটি করে প্রীতি ম্যাচ খেলার ইচ্ছা বাংলাদেশের সাফজয়ী কোচের। সেনাবাহিনীর সঙ্গে ৩-০ তে জেতে আবাহনী। কাল পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে আকাশি-নীলেরা। পেনাল্টি থেকে গোল করেছেন শাহেদ। মুক্তিযোদ্ধার গোলটি এনামুলের। জাতীয় দলের পাঁচ ফুটবলার ছাড়াই যেভাবে মুক্তিযোদ্ধার সঙ্গে খেলেছে আবাহনী তাতে কোটান বেশ সন্তুষ্ট, ‘আজ ভালোই খেলেছে ছেলেরা। সেনাবাহিনীর ম্যাচের চেয়ে অনেক উন্নতি হয়েছে। তবে লিগ শুরুর আগে এমন ম্যাচ আরও খেলতে হবে। আজ অবশ্য কয়েকটি দারুণ সুযোগ নষ্ট করেছে ছেলেরা।’ আবাহনীর এই সমস্যাটা পুরোনোই। গত মৌসুমেও এ জন্য বেশ ভুগতে হয়েছে তাদের। স্ট্রাইকারদের নিয়ে এখনো পর্যন্ত সন্তুষ্ট নন কোটান।
আবাহনীর সঙ্গে ড্র করেও সন্তুষ্ট রাফো। দেশি ফুটবলারদের পাশাপাশি পরশু রাতে আসা সার্বিয়ান মিডফিল্ডার জোরানকেও বাজিয়ে দেখলেন তিনি। স্ট্রাইকার এনামুলকে বেশ মনে ধরেছে রাফোর, ‘শুনেছি এনামুলকে গত মৌসুমে মিডফিল্ডে খেলানো হয়েছিল। এবার আমি ওর পজিশনে ফিরিয়ে এনেছি।’
আবাহনী-মুক্তিযোদ্ধা প্রীতি ম্যাচটি দেখতে মাঠে এসেছিলেন শেখ জামাল ধানমন্ডির কোচ মারুফুল হক। বিদেশি সব কোচকেই সমীহ করছেন তিনি। তবে কোটানকেই তাঁর বেশি সমীহ, ‘এবারের লিগে ছয় বিদেশির সঙ্গে লড়তে হবে, এটা আমার জন্য একরকম চ্যালেঞ্জ। লিগে সবচেয়ে অভিজ্ঞ কোটান। তার সঙ্গেই হয়তো লড়াইটা বেশি হবে।’