কোটি টাকার অনুষ্ঠানে লোগো উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলা গড়ানোর সম্ভাবনা অক্টোবর-নভেম্বরে। কিন্তু বাংলাদেশ সুপার লিগ (বিএসএল) নিয়ে তোড়জোড় চলছে এখন থেকেই। আগামী পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে বিএসএলের লোগো উন্মোচন। দর্শকদের জন্য উন্মুক্ত অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করতে চেষ্টার কমতি রাখেনি আয়োজকেরা। বিএসএলের যৌথ আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং করপোরেট প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। শুধু লোগো উন্মোচন অনুষ্ঠানের জন্যই ১ কোটি টাকার ওপর বাজেট ধরা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।
বিএসএলের জন্য একটি থিম সং তৈরি করা হয়েছে। গানের কথা লিখেছেন বাংলাদেশের গীতিকার কিংকর আহসান। সংগীত পরিচালনায় ভারতের ডাবু মালিক। গান গেয়েছেন ভারতীয় শিল্পী সত্যজিৎ প্রধান। লোগো উন্মোচনের পরই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে বর্ণিল আতশবাজির ফোয়ারা।
দেশের আটটি বিভাগীয় শহরের নামে হবে ফ্র্যাঞ্চাইজি। খেলা হবে হোম ও অ্যাওয়েভিত্তিক। ঢাকার বাইরের মাঠগুলো পরিদর্শন শুরু করে দিয়েছে বাফুফে। এরই মধ্যে ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, রংপুর স্টেডিয়ামের মাঠ নিয়ে কর্মকর্তারা একটু উদ্বিগ্ন। ময়মনসিংহের মাঠের সবচেয়ে বড় সমস্যা, ফ্লাডলাইট নেই। একই অবস্থা রংপুর স্টেডিয়ামেরও। দুটি স্টেডিয়ামের মাঠও খেলার উপযোগী নয়। গ্যালারিগুলোর সংস্কার প্রয়োজন। তবে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম দেখে খুশি সবাই।
ফ্র্যাঞ্চাইজিগুলো যে বিএসএল থেকে বেশ লাভবানই হবে, সেটার একটা আভাস কাল দিয়েছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, ‘এখনো এটার অর্থনৈতিক কাঠামো খসড়া পর্যায়ে আছে। আমরা আইএসএলের মডেল দেখেছি। আমাদেরটা একটু অন্য রকমই হবে। টিভি স্বত্ব, স্পনসর, হোম ম্যাচের গেটমানির বড় একটা অংশ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।’
প্রিমিয়ার ফুটবল লিগ শেষে শুরু হবে বিএসএল। অনেকের ধারণা, বিএসএলের আড়ালে ঢাকা পড়ে যাবে ক্লাব ফুটবল। তবে বাফুফের সহসভাপতি বাদল রায় তা মানেন না, ‘দুটি খেলা হবে দুই রকমের। এখানে বিপিএলের গুরুত্ব কমবে না। কোনো জায়গা থেকে আমাদের নতুন কিছু তো শুরু করতে হবে। এটা দিয়েই হোক ফুটবলের নতুন দিগন্তের শুরু।’
যদিও ফ্র্যাঞ্চাইজি কেনার শর্তগুলো স্পষ্ট করেননি কর্মকর্তারা। তবে একটা বিষয় কাল জানিয়ে দিলেন, ফ্র্যাঞ্চাইজি কিনতে হলে সঙ্গে একটা ফুটবল একাডেমি অবশ্যই সংশ্লিষ্ট দলের থাকতে হবে।
ম্যারাডোনা হতে পারেন বিএসএলের শুভেচ্ছাদূত। তিনিই উদ্বোধন করতে পারেন লিগ—এমন আভাসই দিয়েছিলেন আয়োজকেরা। কিন্তু এ প্রসঙ্গে কাল পরিষ্কার কিছু বলেননি রুহুল আমিন তরফদার, ‘ম্যারাডোনার সঙ্গে আমাদের কথাবার্তা এখনো চূড়ান্ত হয়নি।’