কোথায় ছিলেন মেসিরা?
একটু কি অপূর্ণতা রয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর! যাঁকে হারিয়ে বর্ষসেরা হয়েছেন, উদ্যাপনটা তাঁর সামনে করতে পারলেই হয়তো ভালো লাগত। কিন্তু রোনালদোর সেই তুমুল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যে অনুষ্ঠানেই আসেননি। বার্সেলোনার খেলোয়াড়েরা কোথায়—পরশু ফিফার পুরস্কার–রাতে তাই এই প্রশ্ন উড়ে বেড়াল। সমালোচনাও হচ্ছে।
কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ থেকে ২-১ গোলে হেরে এসেছিল বার্সা। দ্বিতীয় লেগের ম্যাচটি তাই তাদের জন্য বাঁচা-মরার লড়াই। আজ সেই ম্যাচ। এর এক দিন আগে তারকা খেলোয়াড়দের ভ্রমণের ঝক্কির মধ্যে ফেলতে চায়নি ক্লাবটি। ফিফাকে শেষ মুহূর্তে জানিয়ে দিয়েছে, তাদের খেলোয়াড়েরা অনুষ্ঠানে যেতে পারবেন না। অনুষ্ঠানে এক ভিডিও লিংকের মাধ্যমে দুঃখ প্রকাশও করেছেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা, ‘আমাদের অনুপস্থিতির জন্য ক্ষমা চাইছি। কোপা ডেল রেতে অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের।’
রোনালদো বর্ষসেরার ট্রফি হাতে নিয়ে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে প্রসঙ্গটা আনলেন। কেউ চাইলে তাতে প্রচ্ছন্ন খোঁচাও খুঁজে পেতে পারেন, ‘বার্সেলোনা থেকে কেউ আসেনি। কারণটা অবশ্য বোঝাই যাচ্ছে।’
অনেকেই অবশ্য ‘কারণ’টাকে গ্রহণযোগ্য মনে করছেন না। তাঁদেরই একজন সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রবার্তো কার্লোস। যিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন, কোপা ডেল রের ম্যাচ রিয়ালেরও আছে, ‘রিয়াল মাদ্রিদেরও এই সপ্তাহে ম্যাচ আছে। কিন্তু তারা জুরিখে এসেছে। জয়ের তাড়না দুই দলের একই রকম। লিও আর তাঁর সতীর্থরা আসেনি বলে আমি ব্যথিত এবং হতাশ।’ ফিফার কোনো অনুষ্ঠানে ম্যারাডোনাকে কালেভদ্রে দেখা যায়। এবার ছিল তাঁর সরব উপস্থিতি। মেসিকে দেখতে না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচ, ‘মেসিকে নিয়ে আমি হতাশ। বাড়িতে টিভির সামনে বসে থাকলে লড়াই করা যায় না। লড়াই করতে হলে মুখোমুখি হতে হয়।’ সূত্র: মার্কা, গোল।