কোথায় নামছে মোহামেডান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী চ্যাম্পিয়ন। মোহামেডান অবনমিত! ২০১৬ প্রিমিয়ার লিগে ক্যাচলাইন হতো পারত এমনটাও। কিন্তু অবনমন এড়িয়েছে সাদা-কালো দল। তবে লজ্জা ঢাকতে পারেনি। ১২ দলের লিগে মোহামেডান দশম।
১৯৭৭ সালে লিগে অষ্টম হয়েছিল মোহামেডান। ৩৯ বছর পর সেই রেকর্ড মুছে নতুন রেকর্ড গড়ল তারা! লিগে খেলা ম্যাচের সংখ্যার চেয়েও এবার মোহামেডানের পয়েন্ট কম। ২২ ম্যাচে ২০! গোল মাত্র ২০টি। জয় ৩, ড্র ১১, হার ৮।
কাল উত্তর বারিধারার সঙ্গে শেষ ম্যাচেও জিততে পারেনি মোহামেডান। কোনোরকম লিগ শেষ করাই যখন মূল লক্ষ্য, জয় না আসাই স্বাভাবিক। মোহামেডানের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু দায় চাপালেন বিদেশিদের ওপর, ‘আমাদের স্থানীয়রা ভালোই ছিল, বিদেশিরা ভালো খেলেনি।’ তবে সত্যটা হলো, বিদেশিরা চেষ্টা করেছেন বরং মোহামেডান দশ নম্বর হওয়ার মতো দলই ছিল এবার।
এ ম্যাচ ড্র হওয়ায় চাপে পড়েছে ফেনী সকার। শেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারাতে পারলে সকারের পয়েন্ট হবে ১৮। তখন ১৮ পয়েন্ট পাওয়া বারিধারার সঙ্গে তাদের প্লে-অফেই চূড়ান্ত হবে কারা নেমে যাবে চ্যাম্পিয়নশিপ লিগে। মুক্তিযোদ্ধার কাছে হারলে বা ড্র করলে সেই দলটি হবে সকার।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচও ড্র। গত দুবারের চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে গতবারের রানার্সআপ শেখ রাসেলকে ১৮ মিনিটে এগিয়ে নেন আলমগীর রানা। গুরুত্বহীন হলেও মর্যাদার এ লড়াইয়ের শেষক্ষণে ল্যান্ডিং দারুণ এক ফ্রি-কিকে ১-১ করতেই শেষ বাঁশি। শেখ জামাল আপাতত তিনে, শেখ রাসেল আটে থেকে শেষ করল এবারের লিগ।