কোথায় মালদ্বীপ, কোথায় বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৩ সালে ঢাকার এই ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে এসেছিল সর্বশেষ জয়টি। ছবি: এএফপি
২০০৩ সালে ঢাকার এই ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে এসেছিল সর্বশেষ জয়টি। ছবি: এএফপি

শেখ মোহাম্মদ আসলাম আর আবু ইউসুফ—বাংলাদেশের ফুটবলের সোনালি অতীতের দুই তারকা। ১৯৮৫ সালের সাফ গেমসে ঢাকায় মালদ্বীপকে নিয়ে ছেলেখেলা করার সেই ম্যাচে খেলেছিলেন দুজনই। ৮-০ গোলের সেই বিরাট জয়ে ছিল আসলামের দুর্দান্ত দুটি গোল। রক্ষণসেনা ইউসুফও সেদিন রক্ষণকাজ ছেড়ে ব্যস্ত ছিলেন ফরোয়ার্ডদের বল জোগানে। থাকবেনই তো! সেদিন পুরো খেলাটাই যে হয়েছিল মালদ্বীপের সীমানায়!
৩১ বছর আগের সেই স্মৃতি এখন কেবলই অতীতের চর্বিত-চর্বণ। ১৩ বছর ধরে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম এই দেশটির বিপক্ষেই জয়শূন্য বাংলাদেশ। সর্বশেষ দুটি ম্যাচে স্মৃতি তো রীতিমতো দুঃসহ। ২০১১ সালের দিল্লি সাফ চ্যাম্পিয়নশিপ আর গত বছরের কেরালা সাফ চ্যাম্পিয়নশিপে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে ৩-১ ব্যবধানে।
আজ রাতে মালদ্বীপের বিপক্ষে তাদের মাটিতেই প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচকে এশিয়ান কাপ প্লে অফে ভুটানের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ম্যাচ মাত্র। তবু মালদ্বীপের মুখোমুখি হলে, সে যে ম্যাচই হোক না কেন, এ দেশের ফুটবলপ্রেমীদের মনে কোথায় যেন চিনচিনে একটা অনুভূতি হয়। আশি ও নব্বইয়ের দশকের প্রজন্মের কাছে তো এখনো মালদ্বীপের কাছে পরাজয় যেন অন্য রকম এক যন্ত্রণার নাম!

দক্ষিণ এশিয়ায় গত ৩১ বছরে ফুটবলের দুটি সম্পূর্ণ ভিন্ন চিত্র যেন বাংলাদেশ ও মালদ্বীপ। ৩১ বছর আগে বাংলাদেশের ফুটবল-স্বপ্নটা ছিল অনেক বড়। মালদ্বীপের লক্ষ্য থাকত সম্মান বাঁচানো। গত ৩১ বছরে বাংলাদেশের ফুটবলের স্বপ্নটা ধূসর থেকে হয়েছে অন্ধকার, আর মালদ্বীপ এগিয়ে গেছে তরতর করে। মালদ্বীপ এখন সাফ চ্যাম্পিয়নশিপে ফেবারিট তকমা এঁটে খেলতে যায়, আর বাংলাদেশের লক্ষ্য থাকে কোনোমতে গ্রুপ পর্ব পেরোনো।
আবু ইউসুফ ২০০৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোচ ছিলেন। সেবারই মালদ্বীপ ভারতকে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা ঘরে তুলেছিল। যে দলটিকে ৮-০ গোলে হারানোর স্মৃতি আছে তাঁর, তাদেরই সাফ চ্যাম্পিয়ন হতে দেখে একেবারেই অবাক হননি তিনি। ইউসুফ বলেন, ‘নব্বইয়ের দশকে ইরানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচে ১৬-০ গোলে হেরেছিল মালদ্বীপ। সেই হারের লজ্জা থেকেই দেশের ফুটবল অবকাঠামোয় আমূল পরিবর্তন আনে তারা। ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনার লক্ষ্য ছিল ১০ বছরের মধ্যে সাফের শিরোপা ঘরে তোলা। ২০০৮ সালে সেই লক্ষ্যেই সাফল্যের সঙ্গে পৌঁছায় তারা।’ ইউসুফের মতে, ‘মালদ্বীপ খুব সম্ভবত এখন আর সাফটাফ নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য আরও ওপরে। আর আমরা খাবি খাচ্ছি সাফের গণ্ডিতেই। বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক এই ডিফেন্ডার মনে করেন, ‘কেবল তৃণমূল ফুটবলে জোর দিয়েই উন্নতিটা করে যাচ্ছে মালদ্বীপ। আমরা মার খাচ্ছি ঠিক একই জায়গায়।’
আজকের এই ম্যাচে কি তাহলে কোনোই আশা নেই বাংলাদেশের? এ বছরের শুরুতে গুয়াহাটির এসএ গেমসের ব্রোঞ্জের লড়াইটা মনে করে অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পর মালদ্বীপের অনূর্ধ্ব-২৩ দলকে টাইব্রেকারে হারিয়েছিল বাংলাদেশের দ্বিতীয় জাতীয় দল। সে ম্যাচের বেশ কয়েকজন খেলোয়াড়কে আজ মালেতে পাচ্ছেন কোচ টম সেন্টফিট।
এই খেলোয়াড়েরা যদি আজ গুয়াহাটিকে মালেতে ফিরিয়ে আনতে পারবেন কি না, সেটা জানা যাবে কিছুক্ষণ পরেই। বাংলাদেশ সময় রাত ১০টায়। তবে বাংলাদেশ তার সোনালি সুদিনও ফিরিয়ে আনতে পারবে কি না, এই উত্তর হয়তো মিলবে না কখনোই!