কোথায় সেই কমলা ঢেউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের জালে দ্বিতীয় গোল, হতাশায় অধোবদন ডাচ মিডফিল্ডার স্নাইডার। তুরস্কের কাছে শেষ পর্যন্ত ৩ গোল খেয়ে ইউরোর চূড়ান্ত পর্বে ওঠাটাই এখন ভীষণ অনিশ্চিত হল্যান্ডের l এএফপি
নিজেদের জালে দ্বিতীয় গোল, হতাশায় অধোবদন ডাচ মিডফিল্ডার স্নাইডার। তুরস্কের কাছে শেষ পর্যন্ত ৩ গোল খেয়ে ইউরোর চূড়ান্ত পর্বে ওঠাটাই এখন ভীষণ অনিশ্চিত হল্যান্ডের l এএফপি

আমস্টারডাম থেকে প্যারিসের দূরত্ব মাত্র ৫১০ কিলোমিটার। অথচ সড়কপথে ঘণ্টা পাঁচেকের এই পথটাই এখন হল্যান্ডের কাছে যেন অনেক, অনেক দূরের মনে হচ্ছে! পরশু তুরস্কের কাছে ৩-০ গোলে হারের পর আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরো ২০১৬-এর আশা এখন অনেকটাই মলিন। কাগজে-কলমে পরের দুই ম্যাচ জিতলে সম্ভাবনা বেঁচে থাকবে বটে, কিন্তু খোদ ডাচরাই হয়তো আশাটা ছেড়ে দিয়েছে।
গতকাল ডাচ দৈনিক আলখেমিন ডাগলাড-এর বড় হরফে ছাপা শিরোনাম, ‘আমরা এখন হিসাবের বাইরে।’ আরেক ডাচ পত্রিকা ভলস্ক্রান্ত দলের সমালোচনা করেছে রাখঢাক না করেই, ‘খেলার মান, ফিটনেস, গতি, দলীয় সংহতি, সাহস সবকিছুরই প্রকট অভাব দলে।’ তিন দিন আগে আইসল্যান্ডের সঙ্গে পরাজয়টাকে দুর্ভাগ্য বলে হয়তো চালিয়ে দেওয়া যায়, কিন্তু পরশুর হারটাকে কোনোক্রমেই তা বলা যাবে না। ১৯৯৬ ইউরোতে ইংল্যান্ডের কাছে ৪-১ গোলে হারার পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে এত বড় ব্যবধানে হারল ডাচরা। এখন কাজাখস্তান ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে পরের দুই ম্যাচ জিতলেই শুধু হবে না, প্রার্থনা করতে হবে তুরস্ক যাতে আইসল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে হোঁচট খায়। এত সব সমীকরণ একসঙ্গে মেলানোটা এখন খুবই কঠিন।
অথচ উয়েফা যখন ২৪ দলের ইউরোর পরিকল্পনা ঘোষণা করেছিল, সবাই ভেবেছিল হল্যান্ড হেসেখেলেই চূড়ান্ত পর্বে চলে যাবে। প্রথম না হোক, অন্তত দ্বিতীয়, নিদেনপক্ষে তৃতীয় তো হবেই। কিন্তু গত বিশ্বকাপের তৃতীয় দলটি গত এক বছরে শুধু পেছনেই হেঁটেছে। রবিন ফন পার্সি যেন স্বগতোক্তি করলেন, ‘পুরো বাছাইপর্বটাই আমাদের জন্য খুব কঠিন যাচ্ছে। এখন আর ব্যাপারটা আমাদের হাতে নেই। ভীষণ খারাপ লাগছে আমার, ভয়ংকর রকমের খারাপ।’

হল্যান্ডের কাছে ইউরো ২০১৬ এখন মরীচিকাপ্রায়

কিন্তু এমন তো নয় যে এক বছরে দলের খোলনলচে অনেকটাই বদলে গেছে! ডাচ প্রচারমাধ্যম সে জন্য ফেডারেশনের পরিকল্পনাহীনতাকেই দুষছে। লুইস ফন গালের পর কেন নতুন ধ্যানধারণার কাউকে দায়িত্ব না দিয়ে হিডিঙ্কের মতো প্রাচীনপন্থী কোচের কাছে ফিরে যাওয়া হলো? আর হিডিঙ্কের পর দায়িত্ব পেলেন আনকোরা ড্যানি ব্লিন্ড, ২০০৬ সালের পর কোনো দলের মূল কোচের দায়িত্বই যিনি পালন করেননি! সাবেক খেলোয়াড় রোনাল্ড কোম্যান নিজ থেকে আগ্রহ দেখিয়েছিলেন, তাঁকে কেন উপেক্ষা করা হলো? অথচ কোম্যান ইংলিশ লিগে সাউদাম্পটনের হয়ে দারুণ করছেন।
ব্লিন্ড দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচেই হেরে বসেছেন। সর্বশেষ তুরস্কের কাছে হারের প্রতিক্রিয়াটা হলো অনুমিতভাবেই ঝাঁজালো, ‘আমরা নিজেদের পায়েই কুড়াল মেরেছি। এত সহজে গোল খেলে তো আপনি ডুববেনই। আমরা হয়তো তুরস্কের চেয়েও বেশি সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি।’ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার আয়নায় নিজেদের দেখার চেষ্টা করছেন, ‘হয়তো ভাগ্য খারাপ, হয়তো আত্মবিশ্বাসের অভাব। মনোযোগ কম থাকাতেই আমরা সহজ দুটি গোল খেয়েছি।’
সর্বশেষ ১৯৮৪ সালের পর ইউরোর সব আসরই কমলার উচ্ছ্বাস দেখেছে। ফ্রান্সে লাল-নীল-বেগুনির বাহার হয়তো দেখা যাবে, কিন্তু চোখধাঁধানো কমলা জার্সির ঔজ্জ্বল্য কি চোখে পড়বে? রয়টার্স, এএফপি, গোলডটকম।