কোন মিলান, জানেই না আলিবাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসি মিলান কেনার গুঞ্জনে হাই ঠাট্টায় মাতলেন জ্যাক মা। সংগৃহীত ছবি
এসি মিলান কেনার গুঞ্জনে হাই ঠাট্টায় মাতলেন জ্যাক মা। সংগৃহীত ছবি

ইতালিয়ান ফুটবলে চীনা আগ্রাসন! কথাটি লিখে ঢোক গেলার সময়ও পাওয়া গেল না। সিরি আ’র দল এসি মিলানের সিংহভাগ কিনে নিচ্ছে আলিবাবা। সে উপলক্ষে ইতালিতে দেখা গেছে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে। কিন্তু সব গুঞ্জনে জল ঢেলে দিলেন মা। নিজের ওয়েইবো অ্যাকাউন্টে উল্টো মজা করলেন এ গুঞ্জন নিয়ে।
গতকাল থেকে ফুটবল বিশ্বে আলোচনা হচ্ছিল খবরটি নিয়ে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, এসি মিলানের স্বত্ব কিনে নিচ্ছে আলিবাবা। ক্লাবটির ৭০ শতাংশ স্বত্বের জন্য ৪০ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছে অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইটটি। আজ এসি মিলানের সাধারণ সভায় মিলান সভাপতি সিলভিও বার্লুসকোনি প্রস্তাবটি গ্রহণ করছেন কি না, তা ‘শেয়ারহোল্ডার’দের জানিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছিল।

কিন্তু যাঁকে নিয়ে এত আলোচনা, সেই মা উল্টো এ নিয়ে হাসি তামাশায় মেতে উঠলেন। ওয়েইবো (টুইটার ঘরানার চীনা ওয়েবসাইট) অ্যাকাউন্টে পোস্ট করলেন, ‘এই এসি মিলান কী ইতালির মিলান?’ তারপরই বিষয়টি কতটা হাস্যকর সেটি প্রমাণ করতে তিনটি হাসির ইমোটিকন দিয়ে যোগ করলেন, ‘আমি শুনলাম লস অ্যাঞ্জেলেস লেকারস থেকে মিলানে চলে যাচ্ছে টাইসন, তবে সেটি এসি মিলান কি না। যদি তাই হয়, চাইনিজ সুপার লিগে ইয়াও মিংয়ের অনেক কষ্ট হবে।’ প্রসঙ্গত, ইয়াও মিং চীনের সাবেক বাস্কেটবল কিংবদন্তি, ফুটবল লিগে তাঁর খেলার প্রসঙ্গটাই অবাস্তব!
তবে মজার ব্যাপার হলো যতই হাসিঠাট্টা করুন, ‘সরাসরি এসি মিলান কিনছি না’ বলেননি মা। সূত্র: এএফপি