কোনো অজুহাত দিতে চান না ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুলারের এই গোলে নিশ্চিত হয়ে গেল, এবারও চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে আর্সেনালকে। ছবি: এএফপি।
মুলারের এই গোলে নিশ্চিত হয়ে গেল, এবারও চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে আর্সেনালকে। ছবি: এএফপি।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের ম্যাচটির সারসংক্ষেপ দরকার? শেষ মুহূর্তে টমাস মুলারের গোলটিই দেখে নিন। এতেই উত্তর পেয়ে যাবেন। নিজেদের বক্সের কাছে হাস্যকরভাবে বল হারালেন চেম্বারলিন। সেটা দুই সতীর্থের পা ঘুরে এল মুলারে কাছে। অনেকটা সময় নিয়ে আর্সেনাল গোলকিপারকে দর্শক বানিয়ে বল জালে পাঠালেন জার্মান ফরোয়ার্ড। আর্সেনালের কফিনের শেষ পেরেকটাও ঠুকে দেওয়া হলো সেই সঙ্গে।
এ নিয়ে সাতবার। টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে যাচ্ছে আর্সেনাল। কিন্তু এভাবে কেন? বায়ার্নের কাছে ৫-১ গোলে হেরে বিদায় নেওয়ার মুহূর্তে কোচ আর্সেন ওয়েঙ্গার দলের এই বিধ্বস্ত অবস্থার কোনো অজুহাত দিতে চান না। তাঁর সোজাসাপটা কথা, আর্সেনাল উড়ে গেছে তাঁর চেয়ে অনেক ভালো একটি দলের কাছেই।
প্রথমার্ধে তবুও কিছু প্রতিদ্বন্দ্বিতা ছিল আলিয়েঞ্জ অ্যারেনার ম্যাচটিতে। ১১ মিনিটে আরিয়েন রোবেনের গোলে বায়ার্ন মিউনিখ এগিয়ে গেলেও সেই গোলটি ম্যাচের ৩০ মিনিটেই শোধ করে দিয়েছিলেন আর্সেনালের আলেক্সিজ সানচেজ। সে গোলটা এল অনেকটা ভাগ্যের হাত ধরে, অনেক নাটকের মধ্য দিয়ে। প্রশ্নবিদ্ধ পেনাল্টিটা ঠেকিয়ে দিলেন নয়্যার, ফিরতি বলটি প্রথম চেষ্টাতেও জালে পাঠাতে পারলেন না সানচেজ। দ্বিতীয় প্রচেষ্টায় সমতায় ফিরল আর্সেনাল। প্রথমার্ধটা এরপর পাল্টাপাল্টি আক্রমণে দারুণ জমে উঠেছিল। একাধিক গোল পেতে পারত দুই দলই।
কিন্তু দ্বিতীয়ার্ধে আর্সেনাল উড়ে গেল একদম। ইংলিশ ক্লাবটির যাচ্ছেতাই ফুটবলের সুযোগটা বায়ার্ন নিয়েছে দারুণভাবেই। ১০ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে জয় নিশ্চিত করে ফেলল, এবারও ইউরোপের শ্রেষ্ঠত্বের ধারেকাছে যেতে পারছে না লন্ডনের ক্লাবটি। আর ৮৮ মিনিটে মুলারের গোলটা যেন ছিল পরিপূর্ণ ভোজনের পর বায়ার্নের তৃপ্তির ঢেকুর! প্রতিপক্ষের মাঠে ৫ গোল হজম করে আসার পর নিজেদের মাঠের ফিরতি লড়াইয়ের আর কিছুই বাকি থাকে না, আর্সেনাল এটা নিয়ে ভাবছেও না। এমিরেটস স্টেডিয়ামে মার্চে অনুষ্ঠিত ফিরতি লেগ তাই বড় ধরনের আনুষ্ঠানিকতাই। বায়ার্নকে ৪ গোলের ব্যবধানে হারানোর কথা যে ভাবা কঠিন!
ওয়েঙ্গার ম্যাচ শেষে তাঁর দলের খেলোয়াড়দের মানসিক দৈন্য নিয়েই কথা বলেছেন, ‘দ্বিতীয় গোলটি হজমের সঙ্গে সঙ্গেই পুরো দল মানসিকভাবে ভেঙে পড়ে। লরাঁ কসিয়েলনি চোটের কারণে মাঠ ছাড়লে, অন্যরা যেন হারার আগেই হেরে গেল।’
এমনিতেই পদত্যাগের দাবি উঠে গেছে উত্তর লন্ডনের ক্লাবটির দীর্ঘ দিনের অভিভাবকের। সেটি মাথায় রেখেই ওয়েঙ্গার বলেছেন, বায়ার্নের কাছে উড়ে যাওয়ার কোনো অজুহাত তিনি দিতে চান না, ‘আমি কোনো অজুহাত খুঁজছি না। আমি একটি কথাই বলতে চাই, বায়ার্ন আমাদের চেয়ে অনেক ভালো দল, তারা ম্যাচে আমাদের চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছে।’
কতটা ভালো সেটি পরিসংখ্যানই বলে দিচ্ছে। ওয়েঙ্গারের দল যখন ম্যাচে মাত্র ৭টি শট নিয়েছে, বায়ার্ন নিয়েছে ২৪টি শট। তবে যেভাবে খেলেছে তারা সে তুলনায় শট একটু কমই নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৪ ভাগ সময় বল দখলে ছিল রোবেন-মুলারদের। নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করেছে ৭০৩ বার। আর আর্সেনাল পুরো ম্যাচে দর্শক হয়েই ছিল। ওজিল-সানচেজের মতো খেলোয়াড় নিয়ে মাত্র ১৮৫টি পাস দিয়েছে ৯০ মিনিটে!
ওয়েঙ্গার তাই কোনো রাখঢাক রাখেননি, ‘প্রথমার্ধে আমরা যা খেলেছি, দ্বিতীয়ার্ধে আমরা তার চেয়ে অনেক নিচু মানের ফুটবলটাই খেলেছি। ওদের তৃতীয় গোলটা আমাদের শেষ করে দিল, আমাদের কাছে কোনো জবাব ছিল না।’ সূত্র: এএফপি।