কোনো 'তাড়া' নেই জিদানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ হওয়ার তাড়া নেই জিনেদিন জিদানের। ছবি: এএফপি।
কোচ হওয়ার তাড়া নেই জিনেদিন জিদানের। ছবি: এএফপি।

বার্সেলোনার কাছে চার গোলের হার রিয়াল সমর্থকদের অনেক কিছুই ভাবতে বাধ্য করছে। কোচ রাফায়েল বেনিতেজের ‘ভুল একাদশ’ থেকে শুরু করে তাঁর অধীনে দলের এই বাজে পারফরম্যান্সে হঠাৎ করেই যেন সমর্থকদের ভাবনায় জিনেদিন জিদান। আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই তারকা ক্লাবের সঙ্গে জড়িত থাকতে দলের দায়িত্ব কেন অন্যদের হাতে!
ফরাসি তারকা অবশ্য এ ক্ষেত্রে অসম্ভব বিনয়ী। রিয়ালের যুবদল কাস্তিয়ার দায়িত্বে থাকা এই জিদান মনে করেন রিয়ালের মতো ক্লাবের মূল দলের দায়িত্ব নেওয়ার মতো পুরো যোগ্যতা তিনি এখনো অর্জন করেননি। আর রিয়ালের প্রধান কোচ হওয়ার ব্যাপারে তাঁর কোনো ‘তাড়া’ও নেই।
গত ১৮ মাস ধরেই কাস্তিয়ার দায়িত্বে তিনি। কিন্তু এই সময় তিনি যে খুব হইচই ফেলে দিয়েছেন, ব্যাপারটা এমন নয়। জিদানের মতে, কোচ হিসেবে বড় পরিসরে কাজ করার ক্ষেত্রে তিনি এখনো পুরোপুরি প্রস্তুত নন, ‘আমি কাস্তিয়ায় কাজ করেই বুঝেছি, ব্যাপারটা এত সোজা নয়। রিয়ালের মতো বড় ক্লাবের মূল দলের কোচ হতে অনেক প্রস্তুতির দরকার হয়। এ ক্ষেত্রে আমার প্রস্তুতির একটু ঘাটতি রয়েছে বলে আমি মনে করি।’
রিয়ালের কোচ হওয়ার প্রস্তাব পেলে কী করবেন জিদান! ব্যাপারটা নাকি এখনো ভেবে দেখেননি তিনি। বেনিতেজও তাঁর দায়িত্ব ঠিকঠাকই পালন করছেন বলে অভিমত তাঁর, ‘আমি কাস্তিয়ার দায়িত্বে আছি। বেনিতেজ রিয়ালের মূল দলের। আমরা দুজন যার যার জায়গায় ঠিকই আছি।’
রিয়ালের কোচ হওয়ার ক্ষেত্রে তাঁর খুব একটা তাড়া নেই বলেই জানিয়েছেন তিনি, ‘আমি সবকিছুই অল্প অল্প করে শিখছি। একটু ধীরে-সুস্থেই এগোতে চাই আমি। এই মুহূর্তে যে কাজটা করছি, সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে চাই।’
বার্সেলোনা ম্যাচে রিয়ালের পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকেরা বার্নাব্যুর গ্যালারি থেকে সাদা রুমাল নাড়িয়েই জানিয়ে দেন তাদের অসন্তুষ্টির কথা। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পদত্যাগের দাবিও যথেষ্ট চড়া। এই অবস্থায় ক্লাবের মধ্যেই নাকি জিদানকে দ্রুত কোচ বানিয়ে সমর্থকদের ক্ষোভের আগুন নেভানোর একটা ভাবনা আছে বলে শোনা যাচ্ছে। সূত্র: এএফপি।