কোপা শুরুর আগেই ইনজুরির কবলে আর্জেন্টিনা

টুর্নামেন্টটিকে আর্জেন্টিনা দেখছে ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর মিশন হিসেবে। সেই ১৯৯৩ কোপা আমেরিকাই শেষ, এরপর থেকে কি কোপা আমেরিকা, কি বিশ্বকাপ—আর্জেন্টিনা বারবার হতাশ হয়েই ফিরেছে। এবারের শতবর্ষপূর্তি বিশেষ কোপায় লিওনেল মেসিরা সেই খরা কাটাতে পারবেন কি না, সেটি দেখার বিষয়।
তবে টুর্নামেন্ট শুরুর আগেই দুটি ধাক্কা খেল আলবিসেলেস্তেরা। চোটে পড়েছেন ফরোয়ার্ড এজেকিয়েল লাভেজ্জি ও অ্যাটাকিং মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। বর্তমানে চীনের হেবেই ফরচুনেতে খেলা লাভেজ্জির চোট হ্যামস্ট্রিংয়ে, আর প্যারিস সেন্ট জার্মেই মিডফিল্ডার পাস্তোরে চোট পেয়েছেন পায়ের মাংসপেশিতে। দুজনেরই কোপায় খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
আগামী ৭ জুন চিলির সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা। তার আগে অবশ্য আগামী শনিবার বুয়েনস এইরেসে হন্ডুরাসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জেরার্ডো মার্টিনোর দল। সেই ম্যাচে তো নয়ই, টুর্নামেন্টেও এই পাস্তোরে-লাভেজ্জি থাকতে পারবেন কি না সংশয় আছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আর্জেন্টিনা দলের চিকিৎসকদের মনে হচ্ছে, লাভেজ্জি হয়তো টুর্নামেন্টের নকআউট পর্বে কোনো এক সময় খেলতে পারবেন। তবে পাস্তোরের পুরো টুর্নামেন্টই বাইরে বসে থাকতে হবে। আজ আরেক দফা পরীক্ষা-নিরীক্ষা হবে দুজনের, তারপরই হয়তো জানা যাবে দুজনের কোপা আমেরিকা–ভাগ্য।
আর্জেন্টাইন দৈনিক বুয়েনস এইরেস হেরাল্ডের প্রতিবেদন, হেবেই ফরচুনের হয়ে মৌসুমের শেষ ম্যাচেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লাভেজ্জি। আর পাস্তোরে গত সোমবার থেকেই মাত্র হালকা অনুশীলন শুরু করেছেন।
গতকাল মঙ্গলবার দুজনই পুরো দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করেছেন। অবশ্য আর্জেন্টিনার অনুশীলনে এখনো ‘পুরো’ দল যোগ দেয়নি। কদিন আগে কোপা দেল রের ফাইনালে খেলা দুই বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও হাভিয়ের মাচেরানো এবং সেভিয়া মিডফিল্ডার এভার বানেগা আজ যোগ দেবেন দলের সঙ্গে। আর ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলে যোগ দেবেন অগুস্তো ফার্নান্দেজ ও মাতিয়াস ক্রানেভিতার।
তবে আপাতত মার্টিনোর কপালে ভাঁজ আরও বেড়েছে পাস্তোরে-লাভেজ্জির চোট। অবশ্য আর্জেন্টিনার আক্রমণভাগে যেমন সমৃদ্ধ, তাতে লাভেজ্জির বদলে দলে আসার মতো খেলোয়াড়ের অভাব হবে না। হেরাল্ডের খবর, আর্জেন্টিনা দলের সদস্যরা নাকি এরই মধ্যে লানুস স্ট্রাইকার লাওতারো আকুস্তার সঙ্গে যোগাযোগ করেছেন। আগস্টে অনুষ্ঠেয় অলিম্পিকের জন্য গতকাল ঘোষিত প্রাথমিক দলে থাকা জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালাকেও ডাকা হতে পারে।