কোপা সেরা না ইউরো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে সেরা কারা? ইউরোপ, না আমেরিকা? সেরা প্রতিযোগিতা, কোপা না ইউরো? তর্কটা চলতেই থাকবে। দুই মহাদেশের সেরা বেছে নেওয়ার একটা উপায় বাতলে দিয়েছেন দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেসান্দ্রো ডমিঙ্গেজ। এবারের শতবার্ষিকী কোপার বিশেষ আসরে বিজয়ীদের সঙ্গে ইউরো চ্যাম্পিয়নদের একটা ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি।
কোপায় আর্জেন্টিনা, না চিলি জয়ী হবে—সেটা জানা যাবে আগামীকাল। ইউরোতে বিজয়ীর নাম জানতে অপেক্ষা করতে হবে আরও দুই সপ্তাহ। ডমিঙ্গেজ প্রস্তাব দিয়েছেন, এরপরই দুই বিজয়ী দলকে নিয়ে একটি ম্যাচ খেলার। উয়েফার কাছে প্রস্তাব পাঠিয়েও দিয়েছেন, ‘আমরা ২০১৬ কোপা আমেরিকা ও ইউরোর বিজয়ীদের মধ্যে এ বছরই একটা ম্যাচ আয়োজনের জন্য উয়েফাকে চ্যালেঞ্জ করেছি। দুই প্রতিযোগিতার সেরা কারা, ওই ম্যাচের পরেই জানা যাবে। এখন উয়েফা কী বলে আমরা সেটার অপেক্ষায় আছি।’ এএফপি।