
সেই ১৩ বছর বয়সে পা রেখেছিলেন স্পেনে। এরপর বার্সেলোনাই হয়ে গেছে লিওনেল মেসির ধ্যানজ্ঞান। ন্যু ক্যাম্পে বিছিয়ে রাখা সিঁড়ি একের পর এক টপকে উঠে গেছেন চূড়ায়। এখনো বার্সেলোনায় আছেন, তবে মেসি অনেকবারই আভাস দিয়েছেন ক্যারিয়ার শেষ করতে চান আর্জেন্টিনাতেই। স্পোর্টস ইলাস্ট্রেটেডকে দেওয়া সাক্ষাৎকারে মেসি পরশু আবারও বললেন, নাড়িপোঁতা আর্জেন্টিনাই হবে তাঁর শেষ ঠিকানা।
হরমোনের সমস্যার কারণে সেই শৈশবেই পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায়। আর্জেন্টিনার কোনো ক্লাবে তাই পেশাদার ফুটবল খেলা হয়নি। তবে লিওনেল মেসি নিশ্চিত যে সেই ‘অতৃপ্তি’ একদিন ঘুচবে, ‘বার্সেলোনা আমাকে সবকিছুই দিয়েছে। কিন্তু আমি আবার আর্জেন্টিনায় ফিরে যেতে চাই। আমি এখানে ভালো আছি (বার্সেলোনায়), উপভোগও করছি। কিন্তু একদিন আমি আর্জেন্টিনায় ফিরে যাব।’
অল্প বয়সেই ঘরছাড়ার সেই স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বার্সেলোনা তারকাকে, ‘সময়টা কঠিন ছিল। একদিকে বার্সার হয়ে খেলতে পারাটা ছিল দারুণ। কিন্তু আরেক দিকে ঠিকানা বদলে আবার শূন্য থেকে সবকিছু শুরু করা ছিল খুব কঠিন।’
সেই কঠিন কাজটা এর চেয়ে ভালোভাবে মেসি আর করতে পারতেন বলে মনে হয় না। বার্সার সঙ্গে যে বেঁধে ফেলেছেন নিজের প্রাণ। তবে একটা আক্ষেপ থেকে গেছে, আর্জেন্টিনার হয়ে এখনো কোনো বড় শিরোপা জেতা হয়নি। সামনেই কোপা আমেরিকা, আরেকবার সেই অতৃপ্তি ঘোচানোর সুযোগ মেসিদের সামনে। মেসি বলছেন, এবার শিরোপাটা তাঁদের প্রাপ্যই, ‘এবারের কোপা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা জিততে যথাসাধ্য চেষ্টা করব। সবচেয়ে বড় ব্যাপার, অনেক দিন ধরেই আর্জেন্টিনা কিছু জেতেনি। এই দলটা বিশ্বকাপ ও কোপায় খুব কাছাকাছি গিয়েছিল। আমার মনে হয়, এবারের শিরোপাটা আমাদেরই প্রাপ্য।’ যুক্তরাষ্ট্রে খেলা নিয়েও মেসি রোমাঞ্চিত, ‘এবারের আসর বিশেষ কিছু, কারণ এটি যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় হচ্ছে। এটা এই টুর্নামেন্টের জন্য সেরা ভেন্যু। স্টেডিয়ামগুলো অসাধারণ, অনেক দর্শক থাকবে। আমাদের এই সুযোগটা নিতে হবে।’
আগামী ৬ জুন চিলির সঙ্গে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গত ২০১৫ কোপার ফাইনালে এই চিলিই তাদের নির্মম আঘাত দিয়েছে টাইব্রেকারে। সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ এসে যাচ্ছে প্রথম ম্যাচেই! মার্কা, গোলডটকম।