কোপার মেসি ছিলেন আর্জেন্টিনার সেরা মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপার ফাইনালের পর হতাশ মেসি। ফাইল ছবি
কোপার ফাইনালের পর হতাশ মেসি। ফাইল ছবি

এত দিন মুখ বুজেই ছিলেন। বসে বসে দেখেছেন কীভাবে ব্যবচ্ছেদ হচ্ছে। কীভাবে ধেয়ে আসছে সমালোচনার তির। আর চুপ করে থাকলেন না। জেরার্ড মার্টিনো পাল্টা তোপ দাগলেন সমালোচকদের। বললেন, লিওনেল মেসিকে নিয়ে সমালোচনা অযৌক্তিক।
পর পর দুই বছর দুটো টুর্নামেন্টের ফাইনালে উঠেও খালি হাতে ফিরেছে আর্জেন্টিনা। দুটো ফাইনালেই আর যাই হোক, মেসি-জাদু অন্তত দেখা যায়নি। ফলে মুখের অর্গল খুলে গিয়েছিল নিন্দুকদের। তবে আর্জেন্টিনা কোচ মনে করেন, কোপায় মেসি তাঁর সেরাটাই দিয়েছেন আর্জেন্টিনার জার্সিতে।
মার্টিনো বলেছেন, ‘আমার মতে কোপা আমেরিকায় মেসির পারফরম্যান্স ছিল আর্জেন্টিনার জার্সিতে তার এ এযাবৎকালের সেরা। এ ধরনের সমালোচনা আমি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কানে বের করে​ দিই, কারণ এসব অবিশ্বাস্য। এগুলো আলোচনারই যোগ্য নয়। কারণ এসবের কোনো ভিত্তি নেই।’
কোপার পর চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার ভিত্তিতে গুঞ্জন ছড়িয়েছিল, মেসি না শেষে তিতিবিরক্ত হয়ে জাতীয় দল থেকে সরে যান। সেই গুঞ্জন থিতিয়ে আসার মুখে আবারও উসকে গেছে মেক্সিকোর বিপক্ষে তাঁর না-খেলার সিদ্ধান্তে। সেপ্টেম্বরে ওই প্রীতি ম্যাচে মেসি থাকছেন না বলেই শোনা যাচ্ছে। কিন্তু মার্টিনো দিলেন অন্য তথ্য, ‘মেসি মেক্সিকোর বিপক্ষে খেলবে না কেন? আগামী সপ্তাহে দল ঘোষণা করলে ঠিকই দেখতে পাবেন ও থাকছে কি থাকছে না।’
মেসিকে ছাড়া জাতীয় দল কল্পনা করা যায় না বলেও মন্তব্য করেছেন মার্টিনো, ‘আর্জেন্টাইন হিসেবেই আমার কাছে এটা হবে বিরাট হতাশার। কারণ বিশ্বের সেরা খেলোয়াড়টি আপনার দেশের, আর সেই খেলোয়াড় দলে নেই—এটা তো ভাবাই যায় না। মেসি ছাড়া জাতীয় দল কল্পনাতীত।’
চিলির কাছে কোপার ফাইনালে হেরে যাওয়ায় দলের খেলোয়াড়েরা কম কষ্ট পাননি। সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে মেসিদেরই হৃদয়। নিন্দুক ও সমর্থকদের মার্টিনো অনুরোধ করেছেন এই বাস্তবতা বোঝার, ‘ওই পরাজয়ের পর দলের খেলোয়াড়দের চেহারা দেখেই আমার বুক ভেঙে যাচ্ছিল। ওরা এর জন্য অনেক খেটেই নিজেদের প্রস্তুত করেছিল।’