কোপার শেষ আটে কে কার মুখোমুখি
কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেল আজ। আজই নির্ধারিত হলো শেষ আটের আটটি দল। কেবল চিলির ভাগ্য ঝুলে ছিল। পানামাকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ব্রাজিল-উরুগুয়ের বিদায়ের পর আর্জেন্টিনার রাস্তা অনেকটাই পরিষ্কার। শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ গ্রুপ 'সি'-এর রানার্সআপ ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা এবার গ্রুপ পর্বে দুটি জিতেছে, একটিতে ড্র। গোল খেয়েছে মাত্র একটি, করেছে তিনটি। অটল রক্ষণ আর নিখুঁত আক্রমণ নিয়েই আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। ম্যাচটি বাংলাদেশ সময় ১৯ জুন, ভোর পাঁচটায়।
এর দুদিন আগেই শুরু হয়ে যাবে নকআউট পর্বের খেলা। ১৭ জুন সকাল সাড়ে সাতটায় স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে ইকুয়েডরের। ১৮ জুন সকাল ছয়টায় মুখোমুখি হবে পেরু-কলম্বিয়া। ১৯ জুন সকাল আটটায় মুখোমুখি হবে চিলি-মেক্সিকো।
এই ম্যাচও আর্জেন্টিনার জন্য সুখবর। ব্রাজিল-উরুগুয়ের বিদায়ের পর আর্জেন্টিনার শিরোপা পথে বাধা এই দুটি দলই। চিলি-মেক্সিকো পরস্পর মুখোমুখি হওয়া মানে ফাইনালের আগেই এই দুই দলের একটি বিদায় নিচ্ছে। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জিতলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র নয়তো ইকুয়েডর।
কোয়ার্টার ফাইনালের সূচি:
১৭ জুন (সকাল ৭-৩০): যুক্তরাষ্ট্র-ইকুয়েডর
১৮ জুন (সকাল ৬টা): পেরু-কলম্বিয়া
১৯ জুন (ভোর ৫টা): আর্জেন্টিনা-ভেনেজুয়েলা
১৯ জুন (সকাল ৮টা): চিলি-মেক্সিকো