কোপায় আলসেমি করেছে মেসি, দাদুর অভিযোগ

চারবার ম্যাচ সেরা হয়েছেন। সেমিফাইনালে তাঁর জাদুতেই প্যারাগুয়ের জালে আধডজন গোল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েও নাকি প্রত্যাখ্যান করেছেন পুরস্কার। তার পরও নাতির খেলায় মন ভরেনি দাদুর। বরং এমন অভিযোগ করে বসলেন, কোপা আমেরিকার শেষ তিন ম্যাচে লিওনেল মেসি নাকি গা বাঁচিয়ে খেলেছেন!
সম্পর্কে তিনি মেসির নানা। সেই আন্তোনিও কুচ্চিতিনি রেডিও কাসিলদাকে বলেছেন, ‘ও ওর পুরোটা খেলেনি। ওর কিছু জাদু দেখা গেছে, পুরোটা নয়। জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু শেষ তিন ম্যাচে ও একেবারেই বাজে খেলেছে। খুব ঢিলেমি করেছে, আলসেমি নিয়ে খেলেছে।’
পুরো টুর্নামেন্টে কুচ্চিতিনির নাতি করেছেন মাত্র একটি গোল। সেটিও প্রথম ম্যাচে, পেনাল্টি থেকে। পরের পাঁচ ম্যাচেই গোল নেই। আর্জেন্টিনার জার্সি গায়ে পেনাল্টি বাদে প্রায় ১ হাজার মিনিট ধরে গোল নেই। অথচ এই মেসি গোল আর অ্যাসিস্টের বন্যায় ভাসিয়ে বার্সেলোনাকে এনে দিয়েছেন ঐতিহাসিক ট্রেবল।
নানা নয়, আর্জেন্টিনা সমর্থক পরিচয়টাই তাই যেন বেশি করে দেখা দিল কুচ্চিতিনির মধ্যে। অবশ্য সমালোচনা করতে গিয়ে একটু বাড়াবাড়িই করে ফেললেন কিনা। কারণ মেসি কোপায় তাঁর সেরা খেলাটা সেমিফাইনালেই খেলেছেন। সরাসরি তিনটি গোল করিয়েছেন, আরেকটি গোলেও ছিল অবদান। শেষ তিন ম্যাচে মেসি আলসেমি করেছে—এটা অভিযোগ নাকি আবেগ থেকে উৎসারিত অনুযোগ, কে জানে!