কোপায় নেইমার খেলবেন? দুঙ্গাই নিশ্চিত নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা জিততে হলে এই নেইমারকে দরকার হবে ব্রাজিলের। ছবি: এএফপি
কোপা জিততে হলে এই নেইমারকে দরকার হবে ব্রাজিলের। ছবি: এএফপি

২০০৭ কোপা আমেরিকায় সর্বশেষ সাফল্য, এরপর টানা দুটি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল ব্রাজিল। ‘খরা’টা কাটানোর সুযোগ পাওয়া যাচ্ছে আবার আগামী জুনেই। উপলক্ষটাও বিশেষ, শতবর্ষ পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে কোপা আমেরিকার বিশেষ আয়োজন। এটি জেতার মতো বিশেষ খেলোয়াড়ও তো আছে ব্রাজিলের—নেইমার। 

কিন্তু নিজেদের বিশেষ খেলোয়াড়টিকে এই টুর্নামেন্টে পাবেন কি না, এটি নিয়ে এখনো সংশয়ে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। বার্সেলোনার হয়ে গত দুটি মৌসুমে কোনো বিশ্রাম পাননি নেইমার। খেলেছেন গত বছরের কোপা আমেরিকাতেও। এ বছরের কোপায়ও খেলা ২৪ বছর বয়সী ব্রাজিল অধিনায়কের জন্য একটু বেশি ক্লান্তিকর হয়ে যেতে পারে।
কারণ এই একই বছর ব্রাজিলে হবে ২০১৬ রিও অলিম্পিক। মে মাসে ক্লাব ফুটবলের মৌসুম শেষ। জুনে কোপা, আগস্টে অলিম্পিক ফুটবল। টানা দুটি টুর্নামেন্ট খেলে আবার আগস্টেই ক্লাবের নতুন মৌসুম! যন্ত্রের পক্ষেও তো সম্ভব না। এ কারণে আগেই ঠিক করে রাখা হয়েছিল, কোপা কিংবা অলিম্পিকের যেকোনো একটিতে নেইমারকে খেলার অনুমতি দেবে বার্সা। আগের খবর অনুযায়ী কোপাতেই খেলার কথা শোনা গিয়েছিল নেইমারের। কিন্তু এবার দুঙ্গা নিজেই যেন দোদুল্যমানতায় ভুগছেন।
এ কারণেই বার্সেলোনা ও নেইমার—দুই পক্ষের সঙ্গেই কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ব্রাজিল কোচ, ‘এখনো বার্সা কোচ লুইস এনরিকের সঙ্গে কথা বলিনি। আমরা দেখছি। ক্লাবের সঙ্গে কথা বলে সবচেয়ে ভালো উপায়টা খুঁজে বের করব, কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না।’ নেইমার নিজে এই ব্যাপারে কী ভাবছেন সেটিও জানতে চান দুঙ্গা, ‘যে খেলবে তার সঙ্গেও তো কথা বলতে হবে। সবার জন্য যেটি ভালো হয়, সেই সিদ্ধান্তই নেব।’
কদিন আগেই বার্সা কোচ জানিয়েছিলেন, ‘নেইমার আগেই কোপা আমেরিকায় খেলার অনুমতি নিয়ে রেখেছে।’ তবু হয়তো এনরিকের কাছ থেকে সব বিষয়ে নিশ্চিত হয়েই দল সাজানোর চিন্তা করছেন ব্রাজিল কোচ দুঙ্গা। নেইমারকে না পেলে যে ব্রাজিলের কোপা অভিযান কঠিনই হবে। এমনিতেই গ্রুপ ‘বি’তে তাদের সঙ্গী ইকুয়েডর, যারা এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে। সঙ্গে গত দুবার কোপায় তৃতীয় হওয়া পেরুও আছে। গ্রুপের অন্য দলটি হাইতি।
তবে দুঙ্গার মূল চিন্তা ইকুয়েডরকে নিয়েই, ‘ইকুয়েডরের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। শক্তি, টেকনিক আর গতির মিশেলে ওরা বেশ আধুনিক ফুটবল খেলে।’ সূত্র: ফোরফোরটু।