কোপায় নেইমারের শিক্ষা

কোপায় গিয়েছিলেন ব্রাজিলের স্বপ্নসারথি হয়ে। কিন্তু নেইমার যেন নিজের সেই স্বপ্নকে গলা টিপে মারলেন। গ্রুপ পর্বে কলম্বিয়ার সঙ্গে মাথা গরম করে দেখেছিলেন লাল কার্ড। পরে সেই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। সেই ঘটনার জন্য অনুতপ্ত ব্রাজিল অধিনায়ক দোষটা আবারও নিলেন নিজের ঘাড়েই।
কলম্বিয়ার সঙ্গে ওই ম্যাচে জেসন মুরিলোকে ঢুস মেরে লাল কার্ড দেখেছিলেন নেইমার। পরে সেটার জন্য নিষিদ্ধ হন চার ম্যাচ। নেইমারবিহীন ব্রাজিলের কোপা অভিযানেরও সমাপ্তি হয় কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে। তবে নেইমার এখন আত্মবিশ্বাসী যে অমনটা আর হবে না, ‘আমার হতাশ হওয়া চলে না, কারণ ওটা ছিল আমার ভুল ছিল। আমার কাজটা করা উচিত হয়নি, আমার একটা শিক্ষাও হয়েছে।’
ওই ঘটনার পর বিশ্রামে ছিলেন। তারপর গলাব্যথার জন্য বার্সার হয়ে ইউরোপীয় সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের ম্যাচে খেলতে পারেননি। গত শনিবারই বার্সেলোনার হয়ে এই মৌসুমে প্রথম মাঠে নামেন মালাগার বিপক্ষে লা লিগার ম্যাচে। তবে প্রথম ম্যাচেই নিজেকে নিজের কাছে খারাপ লাগেনি, ‘সুপার কাপের ম্যাচ দর্শক হয়ে দেখাটা আমার জন্য খুব কঠিন ছিল। ফিরতে পেরে দারুণ লাগছে। মালাগার সঙ্গে আমি ভালোই বোধ করেছি। এত তাড়াতাড়ি দলে ফিরতে পেরে আমি খুবই খুশি।’ গোলডটকম।
আগামী বছর রিওতে আবার অলিম্পিক, নেইমারের চোখ সেদিকেই, ‘সবাই জানে আমি অলিম্পিকে খেলতে চাই। আশা করব মানুষ আমাকে বুঝবে, সেখানে আমাকে আমার মতো খেলতে দেবে।’