কোরিয়ায় যাচ্ছে ১২ ফুটবলার
গত বছর ভিসা-জটিলতায় দক্ষিণ কোরিয়ার ফুটবল উৎসবে যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। এবার তাই আগেভাগেই যাওয়ার প্রস্তুতি নিয়েছে বাফুফে। আগামী ৭-১০ আগস্ট দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান যুব ফুটবল ফিয়েস্তায় যেতে সব রকমের প্রস্তুতি শেষ বাংলাদেশের কিশোরদের।
দেশের বিভিন্ন জেলা থেকে বাছাই করা ১৬ জন ফুটবলার সুযোগ পেয়েছে কোরিয়াগামী দলের আবাসিক ক্যাম্পে। এখান থেকে চূড়ান্ত দলে নির্বাচিত ১২ জনকে নিয়ে আগস্টের প্রথম সপ্তাহে কোরিয়া যাবে বাংলাদেশ দল। আগামী দুই মাস এই খুদে ফুটবলাররা অনুশীলন করবে বাফুফের সিলেট একাডেমিতে।
বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়ের আশা, এখান থেকেই তৈরি হবে ভবিষ্যতের তারকা, ‘জাতীয় দল দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারছে না। লিগ নিয়মিত হচ্ছে। কিন্তু ভালো মানের খেলোয়াড় না থাকায় আকর্ষণ নেই। বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও ভালো ফুটবলার তৈরির লক্ষ্যে বয়সভিত্তিক ফুটবলের ওপর জোর দিচ্ছি আমরা। এরাই হয়তো ভবিষ্যতে খেলবে জাতীয় দলে।’
২০টি দেশের ৮০টি দল অংশ নেবে কোরিয়ার ফুটবল উৎসবে। ৮ জন খেলবে প্রতিটি দলে। খেলা হবে ছোট মাঠে।
মালয়েশিয়ায় গত বছর হওয়া সুপার মক কাপের দলের ৭ জন ফুটবলার সুযোগ পেয়েছে দক্ষিণ কোরিয়াগামী এই দলে। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এদের পরিচয় করিয়ে দেন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ যোবায়ের আলম, কোচ মোস্তফা আনোয়ার পারভেজসহ অন্যরা।