কোর্ট-কাচারি নেইমারের খেলায় প্রভাব ফেলবে না তো?

দলবদল ফি, কর, ডিআইএস, আদালত—শব্দগুলো যেন বিভীষিকা হয়ে দেখা দিচ্ছে নেইমারের জীবনে। ফুটবল মাঠে একের পর এক পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু একই সঙ্গে মাঠের বাইরের এসব ঝামেলাও সামলাতে হচ্ছে বার্সেলোনা ফরোয়ার্ডকে। মঙ্গলবারই আদালতে হাজিরা দিয়ে এসেছেন, এর মধ্যেই ব্রাজিলে তাঁর বিরুদ্ধে কর ফাঁকি ও প্রতারণার নতুন আরেকটি মামলাও হয়েছে। এত কিছু মাথায় রেখে আজ আবার কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে নেমে পড়তে হবে ভ্যালেন্সিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে!
এত ঝামেলার কারণে সমর্থকদের মধ্যে শঙ্কা জাগছে, মাঠের বাইরের এসব ঝামেলা কি নেইমারের পারফরম্যান্সে প্রভাব ফেলবে? লুইস এনরিকের অবশ্য সেটি মনে হচ্ছে না। দলের অন্যতম ভরসাকে ঘিরে থাকা সংশয়ের মধ্যে সমর্থকদের আশ্বস্ত করলেন বার্সেলোনা কোচ।
নেইমার নিজে এত দিন ধরে বলে আসছিলেন, এসব কিছুই তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারবে না। কিন্তু এখন মনে হচ্ছে, আর সহ্য করতে পারছেন না ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। এত দিন পর এসে স্বীকার করছেন, মামলায় তাঁর পরিবারও জড়িয়ে যাওয়ায় একটু চিন্তিত হয়ে পড়ছেন। দলবদল ফি নিয়ে জটিলতায় ব্রাজিল ও স্পেনের দুটি ভিন্ন মামলায় যে ব্রাজিল অধিনায়কের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করছে আদালত। একে অনেক দিন ধরে মামলাগুলো চলছে, চারদিকে অনেক কথাও ছড়াচ্ছে, তার ওপর তাতে পরিবারের সদস্যরাও ঝামেলায় জড়িয়ে পড়েছেন—এত কিছুতে যেন বিরক্ত হয়ে উঠছেন নেইমার।
যদিও মাঠের পারফরম্যান্সে এর ছাপ পড়তে দিচ্ছেন না ‘বার্সা নাম্বার ১১’। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে এরই মধ্যে ২১ গোল করে ফেলেছেন। তার চেয়েও বড় ব্যাপার, মেসি-ইনিয়েস্তাদের পাশাপাশি বার্সার আক্রমণের প্রাণভোমরা হয়ে উঠেছেন।
আর এটিই হয়তো এনরিকেকে বিশ্বাস জোগাচ্ছে, মাঠে নামলে ফুটবলের বাইরে আর কিছুই নেইমারের চিন্তায় থাকে না। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নেইমারের মানসিক অবস্থা পুরোপুরি ঠিক আছে। শূন্য থেকে এক মিলিয়নের স্কেলে বিবেচনা করলে বলব, আমার বিশ্বাস, মামলার ব্যাপারগুলো ওর পারফরম্যান্সে ০.০১ শতাংশ প্রভাব ফেলে।’
তবে মামলার দীর্ঘসূত্রতায় একটু বিরক্ত হয়ে উঠছেন এনরিকে নিজেও, ‘মামলার বিষয়টা বারবার ঘুরেফিরে আসছে। কয়েক বছর ধরেই তো চলছে মামলাটা। তবে ফুটবলের সঙ্গে এর কোনো যোগ নেই। সবকিছুই এক সময় নিষ্পত্তি হয়ে যাবে।’
ম্যাচের আগের দিন নেইমারকে ভাবতে হতো প্রতিপক্ষ দল আর আক্রমণের পরিকল্পনা নিয়ে। এখন কর সংক্রান্ত আইনের মারপ্যাঁচে বুঝতে হয়! মনোযোগ ধরে রাখতে পারা কঠিন তো অবশ্যই!