কোস্টারিকাকে পিন্টোর বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি অনুযায়ী তাঁর দায়িত্ব শেষ এই মাসেই। তবে আশা করা হয়েছিল বিশ্বকাপে কোস্টারিকার অভাবিত সাফল্যের পর কোচের চেয়ারে থেকে যাবেন হোর্হে লুইস পিন্টো। ৬১ বছর বয়সী এই কলম্বিয়ান কোচ থাকতেও চেয়েছিলেন। কিন্তু দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা না হওয়ায় চলেই যাচ্ছেন পিন্টো। গত বৃহস্পতিবার কোস্টারিকা ছাড়ার ঘোষণা দিয়েছে বলছেন, ‘আমি বুঝতে পেরেছি, শর্ত মেনে কাজ করা হবে না আমার।’
২০১১ সালে কোস্টারিকার কোচ হয়ে আসা পিন্টো নিজের কোচিং সহকারীদের বদলাতে চেয়েছিলেন। এ নিয়ে দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে কথাও বলেন। কিন্তু তাতে কাজ হয়নি। যে কারণে চুক্তি নবায়ন করছেন না তিনি। ফেডারেশনের সঙ্গে সমঝোতা না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরশু সান হোসেতে বিদায়ী সংবাদ সম্মেলনে পিন্টো বললেন, ‘সহকারীদের কারও কারও স্টাইল আমার সঙ্গে মিলছিল না। তাদের সঙ্গে আমার মতের অমিল। আরও নিবেদন এবং আরও দায়বদ্ধতা আমি আশা করেছিলাম। বছর দেড়েক আগে একজন সহকারী তো ফেডারেশন সভাপতির কাছে আমাকে সারিয়ে দেওয়ার কথা বলেছিল এবং আমার সঙ্গে বিশ্বকাপে যেতে আগ্রহী ছিল না। দেড় বছর ধরে আমি শত্রুর সঙ্গে বসবাস করেছি।’
সিদ্ধান্ত নেওয়াটাও সহজ ছিল না বলে জানিয়েছেন কলম্বিয়ান কোচ, ‘কোস্টারিকা ছেড়ে যাওয়া আমার জন্য কষ্টকর। কারণ এখানে আমি খুব ভালো করছিলাম।’
পিন্টোর হাত ধরেই ব্রাজিল বিশ্বকাপে সেরা সাফল্য পেয়েছে কোস্টারিকা। ‘গ্রুপ অব ডেথ’ থেকে ইতালি, ইংল্যান্ড, উরুগুয়ের মতো দলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে পরের রাউন্ডে। নকআউট পর্বেও চমক ধরে রেখে প্রথমবারের মতো খেলেছে কোয়ার্টার ফাইনালে।
শেষ পর্যন্ত সমঝোতা না হলেও পিন্টোর কাছে চিরকৃতজ্ঞই কোস্টারিকা। দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি এদুয়ার্দো লি বলছেন, ‘সন্দেহ নেই, ব্রাজিল বিশ্বকাপে ওঁর হাত ধরেই আমরা সাফল্য পেয়েছি। অন্তর থেকে ওঁকে ধন্যবাদ জানাই। দুর্ভাগ্য, কিছু বিষয়ে আমরা একমত হতে পারিনি।’ এএফপি, গোলডটকম।