কোচ ছাড়াই তো বেশি ভালো!

প্রধান কোচ হিসেবে দ্রাগো মামিচের নাম। কিন্তু এই ক্রোয়েশিয়ান কোচ বর্তমানে দায়িত্বে আছেন থাইল্যান্ডের ক্লাব ছায়নাট হর্নবিলের। অন্য দলের দায়িত্বে থাকা অবস্থায় তাঁর নাম তালিকায় কেন দেওয়া হচ্ছে, সে প্রশ্ন তো আছেই। আপাতত খবর হলো, প্রধান কোচকে হারিয়েও দুর্দান্ত খেলছে আবাহনী লিমিটেড। শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়ে কোচ ছাড়া টানা দ্বিতীয় জয় তুলে নিল তারা। রসিকতা করে তাই বলাবলি, ‘কোচ ছাড়াই তো বেশি ভালো খেলে আবাহনী!’
মোহামেডানের বিপক্ষে ম্যাচের পর আবাহনীর দায়িত্ব ছেড়েছেন মামিচ। আগের ম্যাচে তাঁকে ছাড়াই বিজেএমসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আজ শেখ রাসেলের বিপক্ষেও দাপুটে খেলে জয়। শুরুর তিন মিনিটেই এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাম প্রান্ত থেকে ওয়ালি ফয়সালের ক্রসে হেডে গোল করেন নাইজেরিয়ান এমেকা ডার্লিংটন। এই এক গোলেই ম্যাচের মীমাংসা।
কোনো রকম পরীক্ষা না চালিয়ে মামিচের রেখে যাওয়া দলটিকেই খেলাচ্ছেন গোলরক্ষক কোচ আতিকুর রহমান। আজও দুর্দান্ত খেলেছে আকাশি-নীলরা। বল পজিশনে অনেক এগিয়ে ছিল তারা।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে আবাহনী। অবশ্য চট্টলার দলটি এক ম্যাচ কম খেলেছে। আর ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে শেখ রাসেল।