কোচ ডাকলেই ফিরবেন মামুনুল!

জাতীয় দল থেকে অবসর নেওয়া ও ফিরে আসার ব্যাপারটা যেন হাসি-ঠাট্টা বানিয়ে ফেলেছেন মামুনুল ইসলাম। ভুটানের বিপক্ষে সর্বশেষ ম্যাচের দলে জায়গা না হওয়ায় অভিমানে-ক্ষোভে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন গত ৫ সেপ্টেম্বর। কিন্তু এখন বলছেন, কোচ টম সেন্টফিট ডাকলেই তিনি আবারও দলে ফিরবেন। এর আগে গত ডিসেম্বরে সাফের ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মামুনুল। কিন্তু এরপর বিশ্বকাপ বাছাইপর্বে সেই মামুনুলই ছিলেন দলের অধিনায়ক!
অবসর ভাঙার ব্যাপারে কথা বলতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আজ দুপুরে ফুটবল ভবনে দেখা করেন মামুনুল। সেখানেই নিজের কিছু শর্তের কথা জানিয়েছেন সভাপতির কাছে। জাতীয় দল থেকে বাদ পড়াটা এই মিডফিল্ডারের কাছে অসম্মানজনক বলেই মনে হয়েছে, তাইতো ফিরতে চান সম্মান নিয়ে, ‘দলে ফেরার ব্যাপারে কোচ আমার সঙ্গে কথা বলেছেন। উনি যদি বলেন, ‘মামুনুলকে আমার প্রয়োজন’, তবেই ফিরব। পাশাপাশি আমার অধিনায়কত্বও ফিরিয়ে দিতে হবে।’
যোগ্যতা দিয়েই আবারও দলে নিয়মিত জায়গা করে নিতে চান চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক, ‘ভুটানের সঙ্গে ফিরতি প্লে-অফের আগে লিগে দুটি ম্যাচ আছে আমাদের। ওই দুটি ম্যাচে নিজেকে প্রমাণ করতে চাই। আশা করি ওই ম্যাচ দুটি ভালোই খেলব।’ আগামী ২৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর চট্টগ্রাম আবাহনী সিলেটে খেলবে ফেনী সকার ও বিজেএমসির সঙ্গে।
প্রিমিয়ার লিগের সিলেট-পর্ব শেষে ১০ অক্টোবর ভুটানের সঙ্গে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলবে থিম্পুতে। এর আগে ঢাকায় গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ হোম ম্যাচে ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র করে।