কোচ নন ফুটবলার সাবিনা!

ঘরোয়া ফুটবলে মুড়ি-মুড়কির মতো গোল করেন নিয়মিতই। আন্তর্জাতিক ফুটবলেও প্রতিপক্ষের কাছে সমীহ জাগানো নাম সাবিনা খাতুন। জাতীয় মহিলা দলের স্ট্রাইকার সাবিনার নামের আগে ‘গোলমেশিন’ শব্দটাও জুড়ে আছে। ফুটবলটা পুরোপুরি ছেড়ে দেননি এখনো। অথচ সম্প্রতি নতুন পরিচয়ে পরিচিত হচ্ছেন সাতক্ষীরার এই ফুটবলার। থাইল্যান্ডে খেলতে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ দলের সহকারী কোচ তিনি।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন নিয়ম অনুযায়ী, এএফসি-স্বীকৃত টুর্নামেন্টে সব দলে একজন সহকারী মহিলা কোচ থাকতেই হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের জন্য তাই বাফুফে কোচ হিসেবে মনোনীত করেছে সাবিনাকে। গত জুনে বাংলাদেশ দলের জাপান সফরের প্রস্তুতি ম্যাচে কোচ সাবিনার অভিষেক হয়েছে। এর পর থেকেই আছেন দলের সঙ্গে। ফুটবলারদের সঙ্গে নিয়মিত অনুশীলনও করছেন। ২০১২ সালে কোচিংয়ের এএফসি ‘সি’ লাইসেন্স কোর্স করে রেখেছিলেন সাবিনা। ওই লাইসেন্স কোর্সটা যে এভাবে কাজে লাগবে, তা ভাবতেও পারেননি সাবিনা, ‘আমি ওই সময় শখের বশেই কোচিং কোর্সটা করে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে বাফুফে থেকে প্রস্তাব পেয়ে কোচ হিসেবে কাজ শুরু করেছি।’
নামের পাশে যতই ‘কোচ’ পদবি থাকুক না কেন, সাবিনা নিজেকে এখনো প্রথমে ফুটবলারই মনে করেন, ‘এটা একটা নতুন অভিজ্ঞতা। তবে আমি কোচ হিসেবে দলের সঙ্গে আছি, মোটেও সেটা মনে করি না। খেলোয়াড় হিসেবেই ওদের সঙ্গে রয়েছি। নিজেকে ওদেরই সতীর্থ ভাবি। তবে কাজটা আমি দারুণ উপভোগ করছি।’ ভারতের শিলিগুড়িতে গত জানুয়ারিতে সর্বশেষ সাফে সাবিনা খেলেছেন কৃষ্ণা, স্বপ্না, সানজিদাদের সঙ্গে। ছিলেন জাতীয় দলের অধিনায়ক। এবার মাঠে না থাকলেও ডাগআউটে দাঁড়িয়ে পরামর্শ দিতে চান কৃষ্ণাদের। তা কাজেও আসে বলে তাঁর ধারণা, ‘আমার দলের সঙ্গে এভাবে থাকাটা ওদের জন্য অনুপ্রেরণার। আমি থাকলে ওরা অনেক উৎসাহ পায় খেলায়। অনুশীলনে কেউ ভুল করলে ছোটন স্যারের মতো আমিও কাছে গিয়ে তা ধরিয়ে দিই। ভুল শোধরানোর চেষ্টা করি।’ বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলিও বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখছেন, ‘খেলোয়াড়দের সঙ্গে সাবিনার সম্পর্কটা ভালো। ও দলের সঙ্গে থাকাতে উপকারই হচ্ছে মেয়েদের।’
এর আগে বাংলাদেশ দলের সহকারী মহিলা কোচ হিসেবে ছিলেন মাহমুদা আক্তার। সন্তানসম্ভবা মাহমুদা ছুটিতে গেলে সুযোগ মেলে সাবিনার। বুটজোড়া তুলে রাখার পর কি সত্যি সত্যিই কোচিং পেশায় জড়িয়ে পড়বেন? প্রশ্নটা করতেই হেসে সাবিনা জানালেন, ‘সত্যি বলতে কোচিং নিয়ে এখনো কিছু ভাবিনি। মাঝেমধ্যে স্যারদের কোচিং করানোটা খেয়াল করি। মেয়েদের অনুশীলনে সেটা কাজে লাগাই। ভবিষ্যতে কোচ হব কি না জানি না, তবে ফুটবলার হিসেবে পরিচয় দিতেই বেশি ভালো লাগে আমার।’