কোচ বদলেছে নেইমার-এমবাপ্পেদের, দুশ্চিন্তা রিয়ালের
মাদ্রিদ থেকে প্যারিসের দূরত্ব প্রায় ১৩০০ কিলোমিটার। ইউরোপের সুন্দর দুটি শহরই বটে। তা প্যারিসে বড়দিনের আগে একটা চমকই উপহার দিয়েছে শহরটার ক্লাব পিএসজি। বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে কোচ টমাস টুখেলকে বরখাস্ত করে বসেছে পিএসজি! এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এটা যে ঘটেছে, তা নিশ্চিত।
তা প্যারিসে পিএসজির অফিসে যখন টুখেলকে বরখাস্ত করে নতুন কোচ নিয়ে আসা নিয়ে তোড়জোড়, ১৩০০ কিলোমিটার দূরে মাদ্রিদের ক্লাব রিয়াল মাদ্রিদের অফিসেও তখন হয়তো চলছে অস্থির পায়চারি। অন্তত মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক এএসের খবর সত্যি হলে তেমনটাই হওয়ার কথা। এএস লিখেছে, পিএসজিতে নেইমার আর কিলিয়ান এমবাপ্পেদের কোচ বদলের প্রভাব মাদ্রিদেও পড়েছে। পিএসজির ফরাসি স্ট্রাইকার এমবাপ্পেকে পাওয়ার যে একটা অনানুষ্ঠানিক ছক মাদ্রিদ কষে রেখেছে বলে এত দিন শোনা যাচ্ছিল, পিএসজির কোচ বদলে সেটিতে ব্যাঘাত ঘটার সম্ভাবনা। আর সে কারণেই দুশ্চিন্তায় রিয়াল।
বড়দিনের আগে হঠাৎ করে টুখেলকে কাল বরখাস্ত করেছে পিএসজি, সে জায়গায় টটেনহামের সাবেক কোচ ও পিএসজিরই সাবেক খেলোয়াড় মরিসিও পচেত্তিনো আসছেন—সেটা ইউরোপে মোটামুটি জানা হয়ে গেছে। কিন্তু এএসের ধারণা, পচেত্তিনোকে আনার ক্ষেত্রে পিএসজি এমবাপ্পেকে পাকাপাকিভাবে ক্লাবে রেখে দেওয়ার কথা দিয়ে রেখেছে!
গত মৌসুমে পিএসজির ইতিহাসে প্রথমবার ক্লাবটাকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুললেও টুখেলের সঙ্গে পিএসজির কর্তাব্যক্তিদের সম্পর্ক ভালো ছিল না বলে শোনা যাচ্ছে। এমনকি গত মৌসুমেই এমবাপ্পেসহ পিএসজির কয়েকজন তারকার সঙ্গে বেশ কয়বার লেগে গিয়েছিল টুখেলের। এমনকি জার্মান এই কোচের পিএসজি থেকে বরখাস্ত হওয়ার পেছনে নেইমার ও এমবাপ্পেকে ঘিরে জার্মান এক সংবাদমাধ্যমে বেফাঁস মন্তব্য করার ভূমিকা আছে বলেও জানাচ্ছে ইউরোপের সংবাদমাধ্যম।
নেইমার ও এমবাপ্পেকে সামলানোর ব্যাপারে বলতে গিয়ে টুখেল বলেছিলেন, নেইমার ও এমবাপ্পের মতো খেলোয়াড়কে সামলানো খুব কঠিন। এমন দুজনকে খুশি রাখা খুব কঠিন। এটাও বলেছেন, নিজেকে ইদানীং কোচের চেয়ে ক্রীড়া রাজনীতিবিদ বা ক্রীড়ামন্ত্রী মনে হয়। গত মৌসুমে নাকি কোচিংয়ের মজাও হারিয়ে ফেলেছিলেন। স্বভাবতই এমন কথা ভালো ঠেকেনি পিএসজির। টুখেল অবশ্য পরশু লিগে স্ত্রাসবুর্গের বিপক্ষে পিএসজির ৪-০ গোলের জয়ের পর বলেছিলেন, সাক্ষাৎকারে কথাগুলো মজা করেই বলেছিলেন, কিন্তু দৃশ্যত পিএসজির তাতে মন গলেনি। চুক্তিতে ছয় মাস বাকি ছিল টুখেলের।
‘এএস’ লিখেছে, টুখেলকে বরখাস্ত করা পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দোর একটা চাল, যাতে রিয়ালের গ্রাস থেকে বাঁচিয়ে এমবাপ্পেকে পিএসজিতে রেখে দেওয়া যায়। ২২ বছর বয়সী ফরাসি সেনসেশন পিএসজির কাছে কতটা মূল্যবান, সেটা বোঝা যায় গত মৌসুমের কয়েকটি ঘটনা বিশ্লেষণ করলেই। গত মৌসুমে মপেঁলিয়ে ও নঁতের বিপক্ষে ম্যাচ দুটিতে এমবাপ্পেকে আগেভাগেই তুলে নিয়েছিলেন টুখেল, দুবারই তীব্র প্রতিক্রিয়া দেখান এমবাপ্পে। টুখেল তখন বলেছিলেন, ‘এখানে আমিই কোচ। এটা টেনিস বা ব্যক্তিগত কোনো খেলা নয়, এটা ফুটবল।’
পিএসজি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠায় সব ঝামেলা চুকেবুকে গিয়েছিল বলে মনে হচ্ছিল, কিন্তু আদতে তা হয়নি বলেই জানাচ্ছে এএস। পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো টুখেলকে আলাদা বৈঠকে ডেকে এমবাপ্পের সঙ্গে সব ঝামেলা মেটানোর চেষ্টা করেছেন। এএসের চোখে, সেটি লিওনার্দোর কাছে এমবাপ্পেকে দলের কোচের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করারই প্রমাণ। সেসব হিসাব কষেই এএস তাদের অনুমানটা জানিয়েছে এভাবে, ‘ফরাসি তারকাকে ক্লাবে ধরে রাখতে পিএসজি সবকিছু দিয়ে লড়বে, এই নিশ্চয়তা না পেয়ে টুখেলের উত্তরসূরি পিএসজিতে আসবেন—এমনটা ভাবা কঠিনই!’ আর সেটি হওয়া মানে রিয়ালের জন্য এমবাপ্পেকে পাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে যাচ্ছে।
তা টুখেলের সঙ্গে এমবাপ্পের সম্পর্কের জটিলতা নিয়ে এত কথা, টুখেল বরখাস্ত হওয়ার খবরে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন এমবাপ্পেই। টুখেলের সঙ্গে নিজের ছবি দিয়ে ফরাসি স্ট্রাইকার লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত ফুটবলের নিয়মকানুন এমনই। আপনি এখানে থাকার সময়ে যা করেছেন, সেটা কেউ ভুলতে পারবে না। ক্লাবটার ইতিহাসে দারুণ একটা অংশ আপনি লিখেছেন। সে জন্য আপনাকে বলছি—ধন্যবাদ।’
তবে শুধু এমবাপ্পেই নয়, পিএসজির কোচ বদলে রিয়ালের আরেকটা দুশ্চিন্তাও আছে। সেটি পিএসজির সম্ভাব্য নতুন কোচ পচেত্তিনোকে ঘিরে। রিয়ালের বর্তমান কোচ জিনেদিন জিদানের উত্তরসূরি হিসাবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি পচেত্তিনোকেই ভেবে রেখেছিলেন। পচেত্তিনোর সঙ্গে রিয়ালের নাম অবশ্য আগেও অনেকবার জড়িয়েছে। এএস লিখেছে, বর্তমানে রিয়ালের একাডেমি দল কাস্তিয়ার কোচের দায়িত্বে থাকা রিয়ালের কিংবদন্তি অধিনায়ক রাউল গঞ্জালেসকে ভবিষ্যতে কোনো এক সময় রিয়ালের ডাগআউটে দেখা যাবে। তা জিদান আর রাউলের মধ্যবর্তী সময়টাতে পচেত্তিনোকেই রিয়ালের কোচ হিসেবে ভেবে রেখেছিলেন রিয়াল সভাপতি—এমনটাই জানাচ্ছে এএস।
পিএসজির কোচ বদলের সঙ্গে এমবাপ্পে আর পচেত্তিনোকে ঘিরে রিয়ালের দুশ্চিন্তা তো বাড়ছেই, এএস আরেকটি দুঃসংবাদ নিয়ে এসেছে রিয়াল–ভক্তদের জন্য। এমবাপ্পেকে এত কিছুর পর যদি কিনতে সমর্থ হয় রিয়াল, সেটি করতে হবে অনেক চড়া দাম দিয়েই! পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি নবায়নের সম্ভাবনা এখনো আছে বলেই জানিয়েছে এএস। তবে নতুন চুক্তিতে রিয়াল মাদ্রিদের জন্য একটা আলাদা শর্ত এমবাপ্পে রাখবেন বলে শোনা যাচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে রিয়াল এমবাপ্পেকে কিনতে পারবে—এমন শর্ত রাখা হবে পিএসজির সঙ্গে এমবাপ্পের নতুন চুক্তিতে।
কিন্তু অঙ্কটা রিয়ালের জন্য মাথাব্যথার কারণ হতে পারে। এএস তেমনটাই জানাচ্ছে! ২০২১ সালে এমবাপ্পেকে ১৮০ মিলিয়ন বা ১৮ কোটি ইউরো দিয়ে কেনার পরিকল্পনা ছিল রিয়ালের। কিন্তু পিএসজির সঙ্গে এমবাপ্পের নতুন চুক্তিতে রিয়ালের পক্ষে শর্ত থাকলেও সেখানে অঙ্কটা ২৫ কোটি ইউরো হতে পারে!