কোচকে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার কোচকে চাকরি থেকে অব্যাহতি দিতে হলে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সেই পথেই হাঁটছে বাফুফে। কাল ঢাকায় ফেরার কয়েক ঘণ্টার মধ্যে লোডভিক ডি ক্রুইফকে ই-মেইলে কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছে। বনানীর একটি হোটেলে ওঠা ডাচ কোচের হাতে পরে লিখিত নোটিশ পৌঁছে দেন বাফুফের এক কর্মী।

চারটি বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে ডি ক্রুইফকে। সেগুলো এ রকম, ১৬ মাসের মধ্যে ৭ মাসই ছুটিতে থাকা, জাতীয় দলের প্রতি আন্তরিকতার অভাব, চুক্তির বরখেলাপ করে বিভিন্ন সময় বাফুফে সম্পর্কে কটূক্তি, বিভিন্ন বিষয়ে বাফুফের অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলা ও পেশাদারির অভাব।

৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে। জবাব যা-ই হোক, ডি ক্রুইফকে ছাঁটাই করার সিদ্ধান্ত চূড়ান্তই। তাই কাল রাতে বাফুফের অন্যতম সহসভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়ালের সঙ্গে ডি ক্রুইফের অনির্ধারিত আলোচনার তেমন গুরুত্ব ছিল না। কিন্তু এই আলোচনায় কোচ বাফুফের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলে কী হবে? এ প্রশ্নে বাফুফে সভাপতি সালাউদ্দিন বললেন, ‘তাবিথকে বলে দিয়েছি পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। এই কোচকে আর রাখব না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।’

ঢাকায় ফিরেই ডি ক্রুইফ তাঁর অতিরিক্ত ছুটিতে থাকা নিয়ে বলেছেন, বাফুফে কাজ দেয়নি বলেই তাঁর কিছু করার ছিল না। সালাউদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘কোচ কখন কী মেইল করেছেন, কখন কী বলেছেন সব প্রমাণ আমাদের হাতে আছে। তাঁকে ছুটি দিতে হয়নি, বিভিন্ন সময় নানা কারণ দেখিয়ে জোর করে ছুটি নিয়েছেন।’

ফুটবল উন্নয়নে বাফুফের কাছে পরিকল্পনা দিয়েও সাড়া পাননি। ডি ক্রুইফের এমন অভিযোগে সালাউদ্দিন বিস্ময় প্রকাশ করেছেন, ‘কই, আমি তো কোচের কোনো পরিকল্পনা পাইনি।’ তবে ঘটনা হলো, কোচ বিভিন্ন সময় কী করতে চান তা জানিয়েছেন বাফুফেকে। সেটি সভাপতি বরাবর হয়তো পৌঁছায়নি।