কোচদের ফেরালেন সালাউদ্দিন
ক্ষোভে আগের দিন অনুশীলন ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন মেয়েদের দলের দুই কোচ গোলাম রব্বানী ছোটন ও মাহাবুবুর রহমান লিটু। শোনা গিয়েছিল, কোচের পদ থেকেই তাঁরা ইস্তফা দিতে পারেন। তবে শেষ পর্যন্ত তাঁদের ফিরিয়ে এনেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শুধু তা-ই নয়, প্রস্তুতি ম্যাচ খেলার জন্য জাপান সফরে অনূর্ধ্ব-১৬ দলের প্রধান কোচ হিসেবেই থাকছেন গোলাম রব্বানী, তাঁর সহকারী থাকবেন মাহবুবুর রহমান ও গোলকিপিং কোচ রায়ান স্যানফোর্ড। বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলি যাচ্ছেন উপদেষ্টা কোচ হিসেবে।
কাল দুপুরে গোলাম রব্বানী ও মাহবুবুরকে ডেকে নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অবশ্য তিনি দাবি করলেন, অন্য বিষয় আলোচনা করতেই তিনি ডেকেছিলেন কোচদের। কী সেই বিষয়? সালাউদ্দিন বললেন, ‘কঠোর ট্রেনিংয়ের কারণে আমাদের মেয়েদের বেশি কষ্ট হচ্ছে। তবে বাস্তবতা বুঝতে হবে, মেয়েরা এত দিন যে পর্যায়ে খেলেছে, এখন তার চেয়ে অনেক উঁচু পর্যায়ে খেলতে হবে। অতএব মেয়েদের সেভাবেই প্রস্তুত করে সেখানে পাঠাতে হবে। এসব নিয়েই কোচদের সঙ্গে কথা বলেছি।’
গত পরশু মহিলা ফুটবল দলের প্রশিক্ষণের সময় পল স্মলির সঙ্গে মতভেদের কারণে ক্যাম্প ছেড়ে চলে যান স্থানীয় দুই কোচ। কাল বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল অবশ্য এটিকে ‘গুরুতর’ কিছু নয় বলে দাবি করলেন। মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার অবশ্য সাংবাদিকদেরই দোষ দিলেন, ‘আপনারা কোথাও হয়তো ভুল করছেন। এমন কোনো কিছুই হয়নি। আপনারা টুইস্ট করছেন।’ কাল বিকেলে জাপান সফরে দলটির জার্সি, ট্র্যাকস্যুট, কেডস, বুটসহ অন্যান্য অনুশীলন সরঞ্জামের জন্য ওয়ালটনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তবে পরে কোচদের সঙ্গে সমস্যার বিষয়টা ঠিকই স্বীকার করে নেন চুক্তি অনুষ্ঠানে আসা তাবিথ আউয়াল, ‘সমস্যার কথা শুনেই আপনারা লিখে দিয়েছেন। কিন্তু সমাধান হওয়া পর্যন্ত অপেক্ষা করেননি। এখন যে সমস্যা কেটে গেছে, সেটা তো আর লিখবেন না! আশা করব আপনারা আজ সবই লিখবেন।’
আগামী নভেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। এর প্রস্তুতির অংশ হিসেবেই কাল জাপানে যাচ্ছে মেয়েরা। সেখানে তারা খেলবে জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভ্যালে।