কোচরাই বড় তারকা

‘আরে উনি তো বিশ্বকাপার! আমাদের দলটাকে অনেক বদলে দিয়েছেন।’
আলী আশফাক কথাটা এমনভাবে বলছিলেন, আকাশের চাঁদ যেন তাঁর হাতে। রিকি হার্বার্ট ২০১০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কোচের চেয়ার আলোকিত করেছেন, কিউদের হয়ে আন্তর্জাতিক ফুটবলে যাঁর বিচরণ ১৯৮০ থেকে ১৯৮৯ পর্যন্ত। এই নয় বছরে ৭টি গোলও আছে ডিফেন্ডার রিকির নামের পাশে। এমন একজনকে কোচ পেয়ে মালদ্বীপের অধিনায়কসহ অন্য খেলোয়াড়েরা বেশ গর্বিত।
চলনে-বলনে একটু অন্য রকম ৫৪ বছর বয়সী রিকিকে হোটেল লবিতে এক শ জনের মধ্যে আলাদা করা যায়। গত বছর ভারতীয় সুপার লিগের নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ ছিলেন, এ দেশের জল-হাওয়ার সঙ্গে তাই ভদ্রলোক অভ্যস্তই। ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত নিউজিল্যান্ডের কোচ এখানে আলো কাড়ছেন যথেষ্ট।
সাফের মঞ্চে যদি সে অর্থে তারকা খুঁজতে যান, রিকির নামটাই অগ্রবর্তী। এই অঞ্চলের ‘বিশ্বকাপে’র বয়সটা প্রায় দুই দশক। এমন লম্বা সময়েও আসলে সাফে তেমন তারকা খেলোয়াড়ের খোঁজ পাওয়া কঠিন। সাত দেশের ১৪০ জন ফুটবলার আছেন এই সাফে। কিন্তু কটা নাম কে বলতে পারেন?
মালদ্বীপের আলী আশফাক চেনা মুখ, পরিচিত সাংবাদিক দেখলে সাফের সর্বোচ্চ ১৯টি গোল করা স্ট্রাইকার এগিয়ে আসেন সহাস্যে। ভারতের সুনীল ছেত্রী বা বাংলাদেশের মামুনুল ইসলামের নামও বলা যেতে পারে। এ ছাড়া সে অর্থে পরিচিতি পাওয়া খেলোয়াড় সাফে নেই, আগেও দু-চারজন বাদে সেভাবে ছিল না।
কোচরাই এই ময়দানে প্রধান সেনানায়ক। ময়দানে (পড়ুন সংবাদ সম্মেলন) তাঁরা সবার আগে। খেলোয়াড়েরা তো সেভাবে কারও সঙ্গে কথাই বলেন না। বাংলাদেশের খেলোয়াড়দের দু-একজন বাদে অন্যরা যেমন দেশি সাংবাদিক দেখলেও পাশ কাটিয়ে যান। এই চেনা পরিবেশটা আসলে কোচময়।
রিকি বলছিলেন, ‘মালদ্বীপ দলটার দায়িত্ব আমি অল্প কিছুদিন আগেই নিয়েছি। এই সময়ে দেখলাম খেলোয়াড়দের আরও প্রচার-প্রচারণা দরকার। ওদের তুলে ধরলে এই অঞ্চলে নিশ্চয়ই আশফাকের মতো খেলোয়াড় বেরিয়ে আসবে। এখানে কোচদেরও অনেক ভূমিকা আছে।’
আট দেশের কোচদের সারিতে আফগান কোচ বেশ চটপটে। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে পঞ্চাশ ছুঁই ছুঁই জার্মান ভদ্রলোকই সুপার হিট। ‘আমি আমার সহকর্মীদের সম্মান জানাতে দাঁড়িয়ে বক্তৃতা করব’ বলে শুরু করেছিলেন। শেষ করলেন অব্যবস্থাপনা নিয়ে ঝাঁজালো বক্তব্য দিয়ে। প্রথম আবির্ভাবেই যেন ব্যবসা সফল ছবির নায়ক। আয়োজক দেশের বিরুদ্ধে এত প্রকাশ্যে ক্ষোভের কারণটা জানতে চাইলে পরে বললেন, ‘এগুলো না বললে চলবে কী করে। আমরা তো এখানে বনভোজন করতে আসিনি।’
ভারত, নেপালের বিদেশি কোচরাও নিজ নিজ দলের তারকা। নেপালের বেলজিয়ান কোচ প্যাট্রিক আসেমসও ডিফেন্ডার ছিলেন। পঞ্চাশের চৌকাঠে পা রাখা প্যাট্রিক একটু গুরুগম্ভীর। প্রথম ম্যাচে ভালো খেলেও শ্রীলঙ্কার কাছে হেরে তাঁর মনটা খারাপ, ‘ভালো খেলেও শেষ সময়ে গোল খেয়ে হারটা মেনে নেওয়া কঠিন।’
ভারতের প্রথম ম্যাচ আজ শ্রীলঙ্কার সঙ্গে। অন্য কোচদের মতো স্বাগতিক দলও কনস্ট্যানটাইননির্ভর। কিছুদিন আগে যিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, সাফ নিয়ে নাকি তাঁর কোনো মাথাব্যথা নেই। ভারতের বিশ্বকাপ বাছাইপর্ব নিয়েই তিনি মনোযোগী। কিন্তু এখানে প্রথম সংবাদ সম্মেলনে যখন বলছিলেন, আইএসএলের কারণে সাফের জন্য খেলোয়াড় পাননি, এটা শুনে কলকাতার বাংলা কাগজের সাংবাদিক কাল টিপ্পনী কাটলেন, ‘ও এখন একটা অজুহাত খুঁজছে। কারণ, সাফে চ্যাম্পিয়ন হতে পারবে না হয়তো বুঝে গিয়েছে!’
বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ভুটান এসেছে স্থানীয় কোচ নিয়ে। তাতে কী, প্রতিটি দলই আবর্তিত কোচকে ঘিরেই। কোচদের মধ্যে টুকটাক কথাবার্তাও হচ্ছে। তবে শুধুই সৌজন্য বিনিময়। বাংলাদেশের মারুফুল হক যেমন বলছিলেন, ‘মালদ্বীপের কোচ এসে শুভেচ্ছা জানাল, বলল গুডলাক। আমিও শুভেচ্ছা জানালাম।’
সৌজন্য মুছে মাঠে এক ইঞ্চি জমিও ছাড়বেন না কোচরা। সাফের এই তারকাদের মধ্যে লড়াইয়ের বারুদ-গন্ধটা কিন্তু নাকে লাগছে ভালোভাবেই।