কোচিং ফেলে তিনি ইউক্রেনের হয়ে লড়তে চান
ওলে লুঝনি—নামটা অপরিচিত লাগতেই পারে। ২০ বছরের ক্যারিয়ারে মোট ৬টি ক্লাবে খেলেছেন। আর্সেনাল এর মধ্যে সবচেয়ে পরিচিত। কিন্ত যে সময়ে গানারদের হয়ে খেলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ তখনো বাংলাদেশে সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। অথচ ইউক্রেনের ইতিহাসে তিনি অন্যতম সফল ফুটবলার। ২০০২ সালে আর্সেনালের ‘দ্বিমুকুট’ জয়ী দলের সদস্য ছিলেন। এফএ কাপ ও লিগ জিতে নেন। খেলা ছাড়ার পর কোচিংয়ে নেমে পড়েন লুঝনি। কিন্তু দেশে যে পরিস্থিতি চলছে, তাতে আর ডাগআউটে বসতে মন টানছে না ৫৩ বছর বয়সী সাবেক এই রাইটব্যাকের। অস্ত্র হাতে দেশের হয়ে লড়াই করতে চান লুঝনি।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পাঁচ দিন হয়ে গেল। বিশ্ব নেতৃত্ব এখনো এ হামলার জবাব দিতে পারেনি। ইউক্রেনের জনগণকে একাই লড়তে হচ্ছে। যাঁরা লড়াই করতে পারছেন না, দেশ ছেড়ে আশ্রয় নিচ্ছেন পোল্যান্ডে। রাশিয়ান সেনাবাহিনীর হাতে ইউক্রেনের সাধারণ জনগণও হতাহত হচ্ছে। পরিস্থিতি এমন না হয়ে অন্য কোনো সাধারণ শনিবারের রাত হলে লুঝনি হয়তো লেভিভে বসে দিনের ফুটবল ম্যাচগুলোর হাইলাইটস দেখতেন। কিন্তু এখন শনিবারে বাসা থেকে বের হয়ে শহরের বিভিন্ন জায়গায় বসানো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন লুঝনি। সাধ্যমতো খোঁজখবর নেওয়া ও সাহায্যের কাজে সময় দিচ্ছেন তিনি।
লেভিভ গত সপ্তাহেও নিরাপদ ছিল। কিয়েভ ছেড়ে মানুষ এ শহরে এসেছে। কিন্তু গত কয়েক দিনে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে লেভিভে। রাশিয়ার বিমান হামলা ভয়াবহ হয়ে ওঠায় এই শহর থেকে মার্কিন দূতাবাস সরিয়ে পোল্যান্ডে স্থানান্তর করা হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তায় স্কাই স্পোর্টসকে লুঝনি বলেছেন, ‘অবস্থা ভয়াবহ। ইংল্যান্ডে কোচিং করাতে আসতে চেয়েছিলাম। কিন্তু এসবের আগে আমি আমার দেশ, দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য লড়াই করতে চাই।’
১৯৯৯ সালে আর্সেনালে যোগ দেওয়ার আগে দিনামো কিয়েভের হয়ে আটবার লিগ জেতেন লুঝনি। ১৯৮৯ সালে যখন কিয়েভে যোগ দেন, ইউক্রেনের ক্লাবটি তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের অধীন ছিল। সোভিয়েত ভেঙে যাওয়ার পর ১৯৯৯ সাল পর্যন্ত কিয়েভে ছিলেন। ১৯৮৯ সালে সোভিয়েতের জার্সিতে অভিষেক হলেও ইউক্রেনের হয়ে ৩৭ ম্যাচ খেলেছেন লুঝনি।