কোচিংয়ের অনুমতি পেলেন জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা শুনে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জিনেদিন জিদান? আবশ্যকীয় যোগ্যতা ছাড়াই এত দিন কোচের দায়িত্ব পালন করেছেন, এই অভিযোগ তুলে তাঁকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে জয়ী হয়েছেন ফরাসি কিংবদন্তি। স্পেনের ক্রীড়া আদালত জিদানের পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন তাঁর সহকারী সান্তিয়াগো সানচেজেরও। কোচিং করাতে এখন তাই কোনো বাধা নেই দুজনের।
অনেক স্বপ্ন নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন। বেশ কয়েকবার বলেছেন, একসময় হতে চান ফ্রান্স কিংবা রিয়াল মাদ্রিদের কোচ। সেটিরই প্রস্তুতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়ার। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে একটা বড় ধাক্কা এল যখন তাঁর বিরুদ্ধে যথাযথ যোগ্যতা ছাড়াই কোচিং করানোর অভিযোগ তুলল স্পেনের জাতীয় কোচদের সংস্থা সিইএনএএফই। সিইএনএএফই-এর দাবি ছিল, এই পর্যায়ে কোচিং করাতে একজন কোচের অবশ্যই লেভেল-৩ জাতীয় ডিপ্লোমা সনদ থাকতে হয়। কিন্তু জিদানের সনদ লেভেল-২ সমমানের। সেই অভিযোগ আমলে নিয়ে জিদানকে তিন মাসের জন্য কোচিং থেকে নিষিদ্ধ করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তাঁর হয়ে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আরএফইএফ-এর কাছে আপিল করেছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির যুক্তি ছিল, ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনই (এফএফএফ) জিদানকে এই পর্যায়ে কোচিং করানোর অনুমতি দিয়েছে। যদিও যথাযথ সনদ এখনো নেননি, কিন্তু উয়েফার নিয়মানুযায়ী কাজের অভিজ্ঞতা থাকলে একজন এই পর্যায়ে কোচিং করাতে পারেন।
সেই আপিলে লাভ হয়নি। অবশেষে স্পেনের ক্রীড়া আদালতের দ্বারস্থ হয় রিয়াল। পরশু সেই আদালতের রায়েই ক্লাব কোচিংয়ের ছাড়পত্র পান জিদান। ক্রীড়া আদালতের একজন মুখপাত্র স্প্যানিশ সংবাদমাধ্যমকে বলেছেন, রিয়ালের আপিল গৃহীত হয়েছে। এর ফলে আরএফইএফ কমিটির আপিল বাতিল হয়ে যাচ্ছে।
তাহলে শিগগিরই আবার জিদানকে কাস্তিয়ার কোচ হিসেবে ডাগ-আউটে দেখা যাবে। এএফপি।