
শুধু খেলোয়াড় নয়, ফুটবল মাঠে রেফারি চাইলে কোচ-কর্তাদেরও কার্ড দেখাতে পারেন। কিন্তু রেফারি কার্ড দেখিয়েছেন, অথচ কোচ মাঠ ছেড়ে যাচ্ছেন না—এ রকম ঘটনা বিরলই। রেফারিও রেগেমেগে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে গেলেন! পরশু বুন্দেসলিগায় লেভারকুসেন-ডর্টমুন্ডের ম্যাচেই ঘটেছে এ ঘটনা।
৬৫ মিনিট গোলশূন্য কাটার পর ডর্টমুন্ডকে গোল করে এগিয়ে দিলেন পিয়ের-এমেরিক অবামেয়াং। কিন্তু লেভারকুসেন খেলোয়াড়দের দাবি, গোলটা করার আগে তাদের স্ট্রাইকার স্টিভেন কিয়েসলিংকে ফাউল করা হয়েছিল। প্রতিবাদটা বেশি এসেছিল ডাগ-আউট থেকেই। রেফারি ফেলিক্স জুয়ার পরে লেভারকুসেনের কোচ রজার স্মিটকে লাল কার্ডই দেখিয়ে দিলেন। কিন্তু স্মিট জানিয়ে দিলেন, ডাগ-আউট ছেড়ে তিনি যাচ্ছেন না। শেষ পর্যন্ত রেফারি খেলা বন্ধ করে চলে যান মাঠের বাইরে।
এসব গন্ডগোলের জেরে খেলাই বন্ধ ছিল ৮ মিনিট। পরে আবার বুঝিয়ে-সুঝিয়ে রেফারিকে ফিরিয়ে আনা হয় মাঠে। অবামেয়াংয়ের ওই গোলেই শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ডর্টমুন্ড। পরে অবশ্য স্মিটও নিজের ভুলটা স্বীকার করে নিয়েছেন। গার্ডিয়ান।