কোচের বুদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামিত ইসিক লোকটার একটু মাথা গরম। তুরস্কের তৃতীয় বিভাগের দল কোরাম বেলেদিয়েসপোরের কোচ তিনি। লিগের একটা ম্যাচে রেফারির সিদ্ধান্ত পছন্দ হয়নি ইসিকের। ব্যস, রেগে রেফারিকে জোরে ধাক্কা মেরে বসলেন। কোনো কোচ তো ফুটবল মাঠে এটা করতে পারেন না। ইসিককে তাই নিষিদ্ধ হতে হয়েছে ২৮৫ দিন। কিন্তু দলের খেলাও আবার দেখা চাই। গ্যালারি থেকে যে দেখবেন, সে উপায়ও নেই। ওই ম্যাচে সহিংসতার জন্য বেলেদিয়েসপোরের মাঠেও দর্শকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইসিক দারুণ একটা বুদ্ধি বের করলেন। একটা ক্রেন ভাড়া করে এনে রাখলেন স্টেডিয়ামের পাশে। এরপর সেটিতে উঠে খেলা দেখতে লাগলেন। সঙ্গে করে একটা লাউডস্পিকারও নিয়ে এসেছিলেন, সেটি থেকে খেলোয়াড়দের চেঁচিয়ে উৎসাহও দিতে লাগলেন। এই না হলে কোচ! ইএসপিএন।