কোচের ভাগাভাগিতে নেইমার-কাভানি মৈত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার-কাভানির সমস্যার সম্মানজনক সমাধান! ফাইল ছবি
নেইমার-কাভানির সমস্যার সম্মানজনক সমাধান! ফাইল ছবি

ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল। গোল করেছেন পেনাল্টি থেকেও। নেইমারের দাবি তো আরও জোরালো হলো, দায়িত্বটা তাঁকেই বুঝিয়ে দেওয়া উচিত। এডিনসন কাভানি কি তবে মেনে নিলেন সব? না, ভাগাভাগিতেই আপসরফা হয়েছে। পেনাল্টি এখন থেকে দুজনই নেবেন। একটি পেনাল্টি নেইমারের, আরেকটি কাভানির। পিএসজির বেলজিয়ান মিডফিল্ডার থমাস মুনিয়ের ম্যাচ শেষে জানিয়েছেন এ তথ্য।

পেনাল্টি নিয়ে কী কাণ্ডটা না হয়ে গেল! শোরগোল মিডিয়াতেও। অস্থিরতা দেখা দিল পিএসজিতে। আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগেও শীতল সম্পর্ক দেখা গেছে নেইমার-কাভানির। তবে জটিলতা কাটিয়ে উঠতে শুরু করেছে দলটি।
গতকাল রাতে বোর্দোর বিপক্ষে ম্যাচে পিএসজি জিতল ৬-২ গোলে। এতে নেইমার পেনাল্টি নিয়েছেন, ফ্রি কিকেও গোল করেছেন। বাহবা কুড়িয়েছেন কাভানিও। কীভাবে সব মিটে গেল?
মুনিয়ের জানিয়েছেন, কোচ উমাই এমেরির মধ্যস্থতায় সমস্যাটা আপাতত মেটানো গেছে। ম্যাচের আগে কোচ ঠিক করে দেন, দুজনই পেনাল্টি নেবেন পর্যায়ক্রমে। ‘কোচ বিষয়টা ঠিক করে দিয়েছেন। নেইমার পেনাল্টি থেকে গোল করেছে। আরও একটি পেনাল্টি হলে সেটা নিত কাভানি’, বলেছেন মুনিয়ের।