কোটান যেতেই অচেনা আবাহনী
আবাহনী-মোহামেডান রানার্সআপ হতে খেলে না। কথাটা খুব শোনা যায় চায়ের আড্ডায়। কিন্তু চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হতে তো কেউ বাধা দেয়নি। অন্তত দ্বিতীয় হওয়ার একটা সান্ত্বনা থাকেই। আবাহনী বড় বাজেটের দল গড়েও সেই সান্ত্বনাটুকুও এবার পাবে বলে মনে হচ্ছে না।
জর্জ কোটানকে বিদায়ী উপহার হিসেবে আকাশি-নীল দল ঈদের এক দিন আগে খেলেছিল নিজেদের সেরা ম্যাচ। ৫ গোলে উড়িয়ে দিয়েছিল শেখ রাসেলের মতো দলকে। সেই ধারালো আবাহনীকে আর চেনা যাচ্ছে না। তাদের গতিহীন ফুটবলে ভুল পাসের ছড়াছড়ি। পরিকল্পনাই বা কোথায়! গত ম্যাচে ব্রাদার্সের সঙ্গে ০-০, কাল তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে হেরেই গেল মুক্তিযোদ্ধার কাছে (১-০)।
দ্বিতীয় পর্বে প্রথম ৭ ম্যাচে মুক্তিযোদ্ধার প্রাপ্তি ছিল মাত্র তিনটি ড্র। একের পর এক হারতে থাকা সেই মুক্তিযোদ্ধাই কাল এই পর্বে পেল প্রথম জয়। ৬১ মিনিটে মুক্তিযোদ্ধার কায়েসকে বক্সে ফেলে দেন আবাহনী ডিফেন্ডার ফাহাদ, পেনাল্টিতে গোল করতে ভুল হয়নি মুক্তিযোদ্ধা অধিনায়ক এনামুলের।
১৭ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩১। ওপরে থাকা শেখ রাসেল বা মোহামেডান পয়েন্ট খোয়ালেই রানার্সআপ হতে পারে ঐতিহ্যবাহী দলটি। ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা মুক্তিযোদ্ধার সামনে সেই সুযোগও অবশ্য নেই। আবু ইউসুফের দল শেষ কটি ম্যাচ খেলার জন্যই খেলছে।