কোটি টাকার বিদেশি নয়, দেশিদের পায়েই সুন্দর গোল

হাইতিয়ান ওয়েডসন এনসেলমে ও ইংলিশ চার্লি শেরিংহাম, সাইফ স্পোর্টিংয়ের আক্রমণভাগের কোটি টাকার জুটি। তাঁদের সামনে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ফরাশগঞ্জের ডিফেন্ডারদের তো উড়ে যাওয়ার কথা। কিন্তু অ্যাটাকিং থার্ডে জোনাল মার্কিংয়ে তারা ঠিকমতো নড়াচড়াই করতে পারল না। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে পেনাল্টি থেকে ওয়েডসন একটি গোল করেছেন তবে শেরিংহাম ঠুঁটো জগন্নাথ। বরং দুই দেশি খেলোয়াড় জুয়েল রানা ও মোহাম্মদ শামীমের করা গোল দুইটি মাঠে আসা গুটি কয়েক দর্শকদের মনে থাকবে অনেক দিন।
সাইফের একাদশ দেখে কিছুটা হযবরল-ই মনে হলো। মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও মোহাম্মদ আলামিন ইনজুরিতে, তাই বলে ৪-৩-৩ ফরমেশনের একাদশের মাঝমাঠে দুই ডিফেন্ডার তপু বর্মন ও রহমত মিয়া। মাঝমাঠের খেলাটাও হলো তেমনি ছন্নছাড়া। ফরোয়ার্ডদের উদ্দেশ্যে দেখা গেল না একটি রক্ষণচেরা পাস। উল্টো প্রতিপক্ষকে রুখতে ঘাম ছুটে গেল তাদের।
আট মিনিটেই এগিয়ে যায় ফরাশগঞ্জ। কর্নার থেকে আসা বলে লামিনে কামারার হেড সাইফের গোলরক্ষক পাপ্পু সেভ করলে গোল মুখের সামনেই পড়ে বল। সেখান থেকে টোকা দিয়ে ১-০ করেন মোহাম্মদ আলমগীর। পরের মিনিটেই কামারার হাতে বল লাগলে পেনাল্টি পায় সাইফ। স্পটকিক থেকে ১-১ করেন ওয়েডসন এনসেলমে।
বিরতিতে যাওয়ার আগেই দেখা গেল দর্শনীয় দুইটি গোল। প্রথম গোলটি সাইফের উইঙ্গার জুয়েল রানার, দ্বিতীয়টি অচেনা মোহাম্মদ শামীমের। প্রথমার্ধের যোগ করা সময়ে ডান প্রান্ত থেকে রিমনের পাস বক্সের মধ্যে টার্নিংয়ের ওপর নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে ২-১ করেন জুয়েল রানা। পরের মিনিটেই জুয়েলের গোলকে ভুলিয়ে দিলেন শামীম। মাঝমাঠ থেকে সুজনের বাড়ানো এরিয়াল পাস নিয়ন্ত্রণে নিয়ে সাইফের দুই সেণ্টারব্যাককে গতিতে পেছনে ফেলে দূরের পোস্টে প্লেসিংয়ে ২-২ করেন শামীম।
উইং দিয়ে ভেতরের দিকে দৌড়ে এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে ঠান্ডা মাথায় জালে জড়ানো। দেশি ফুটবলারদের বিবেচনায় অসাধারণ এক গোল। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোল করার সুযোগ এসেছিল সাইফের সামনে, সুযোগ হাতছাড়া করা ছাড়াও বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। দুইটি বল সাইডপোস্টে লেগে ফিরে আসে তাদের।
আগের ম্যাচেও আরামবাগের বিপক্ষে ড্র। টানা দুই ড্রয়ে একটু একটু করে শিরোপা রেস থেকে পিছিয়ে পরছে সাইফ। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তারা। আর সাত পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ফরাশগঞ্জ।