ক্লাব-বন্ধন!

একসময় এটিই ছিল ঘরোয়া ফুটবলের মূলমন্ত্র। বছরের পর বছর ফুটবলাররা একেকটি ক্লাবে খেলেছেন। কিন্তু সেই ধারা অনেক দিনই ফুটবলের পাতা থেকে প্রায় উধাও। পোশাক বদলানোর মতোই এই সময়ের বেশির ভাগ শীর্ষ ফুটবলার বছর বছর ক্লাব পাল্টান। কোথাও তাঁরা থিতু নন। কে যে কোন বছর কোন ক্লাবে, দর্শকদের তা মনে রাখাই কঠিন।
টানা প্রায় এক যুগ আবাহনীতে খেলে অবসর নিয়েছেন কাজী সালাউদ্দিন। অমলেশ, আশরাফ, চুন্নু, টুটুল, আসলাম, আশীষ, মুন্নারাও টানা আবাহনীতে খেলে হয়ে গিয়েছিলেন আবাহনীর অন্য নাম। জহিরুল হক, পিন্টু, প্রতাপ, টিপু, হাফিজ, কায়কোবাদদের পথ ধরে বাদল রায়, কায়সার, সাব্বিররা যেমন মোহামেডানের।
সেই রীতি এখন হারিয়েই গেছে। পেশাদার লিগকেই মানদণ্ড ধরে কিছু পরিসংখ্যান দেওয়া যাক। ২০০৬-০৭ মৌসুমে শুরু হয়ে এখন চলছে পেশাদার লিগের অষ্টম আসর। এই লিগে আবাহনীর প্রাণতোষই যা একটু ব্যতিক্রম। তাঁর গায়ে শুরু থেকে এখনো আবাহনীর জার্সিই। এর ঠিক বিপরীত চিত্রটা দেখতে পাবেন জাহিদ হাসান এমিলির ক্যারিয়ারে।
প্রথম দুটি পেশাদার লিগে দুর্দান্ত খেলে আবাহনীকে চ্যাম্পিয়ন করায় বড় ভূমিকা রেখেছিলেন। এর পর থেকে এই স্ট্রাইকার ফি বছরই ক্লাব পাল্টাচ্ছেন। পারফরম্যান্সেও হয়তো এরই ছাপ। তৃতীয় পেশাদার লিগে এমিলির ঠিকানা মোহামেডান। চতুর্থ শেখ জামাল, পঞ্চম মুক্তিযোদ্ধা, ষষ্ঠ শেখ রাসেল, সপ্তম মোহামেডান, অষ্টম শেখ রাসেল!
জাহিদ হোসেনও একই নৌকার যাত্রী। পেশাদার লিগে তাঁর দল পাল্টানোও ‘অস্থিরতায়’ মোড়ানো। শুরুটা মোহামেডানে। তারপর আবাহনী, মোহামেডান, শেখ জামাল, আবাহনী, শেখ রাসেল, মোহামেডান হয়ে এবার আবার শেখ রাসেল!

জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম প্রথম পেশাদার লিগে ছিলেন ব্রাদার্সে। আবাহনী, মোহামেডান, শেখ জামাল, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল ঘুরে এখন শেখ জামালে (দ্বিতীয় মৌসুম চলছে এখন)। আট মৌসুমে তিনবার দল পাল্টেছেন মিঠুন চৌধুরী। চট্টগ্রাম আবাহনীতে প্রথম দুই বছর কাটিয়ে মুক্তিযোদ্ধায় ছিলেন পরের দুই বছর। এবার নিয়ে টানা তৃতীয় মৌসুম অবশ্য শেখ রাসেলেই আছেন।
নতুন দলে ভিন্ন পরিবেশ, নতুন কোচ, নতুন সতীর্থ—ক্লাব পাল্টালে খেলোয়াড়দেরই তো ক্ষতি। তাহলে তাঁরা কেন এত অস্থিরমতি? খেলোয়াড়দের পাল্টা যুক্তিটা অনুমেয়ই, তাঁরা পেশাদার খেলোয়াড়, টাকা বেশি পেলে তো অন্য ক্লাবে যাবেনই। কিন্তু টাকাটাই কি সব? আগে তো অনেক খেলোয়াড়ই বেশি টাকা পেয়েও দল বদলাননি। সেসব উদাহরণকে এই যুগে বেমানান বলে দাবি মামুনুলের, ‘আগের কথা বলে লাভ নেই। এখন সময় পাল্টে গেছে।’ সময় পাল্টানো মানেই বছর বছর দল বদলাতে হবে? মামুন প্রশ্নটাকে ভলিই করলেন, ‘টাকা অবশ্যই একটা বড় ফ্যাক্টর। তার পরও কিছু ত্যাগ স্বীকার করেও ক্লাবে থেকে যেতে চাই। কিন্তু ক্লাবকেও তো চাইতে হবে।’
দলবদলের তিন-চার মাস আগেই খেলোয়াড়েরা গোপনে অন্য দলে চলে যান—ক্লাবের পক্ষ থেকে এমন অভিযোগও তো আছে। তবে মামুনুল দায় দেখছেন ক্লাবেরই, ‘ক্লাব তিন-চার মাস আগে ডাকে কেন? মোহামেডান আমার পাঁচ লাখ টাকা দেয়নি। তাহলে আমি কী করব, বলুন! আসলে আগে ক্লাবগুলোকে পেশাদার হতে হবে। এক বছর দল গড়ে আরেক বছর তারা চুপ। বাধ্য হয়েই নতুন দলে যেতে হয়।’

ক্লাবের সঙ্গে বন্ধন গড়ে তুলতে এক মৌসুমের জন্য চুক্তি না করে আরও বেশি সময়ের জন্য তা করার কথা বলছেন অনেক ফুটবলার। এমিলিও এই দলে, ‘আমাদের এখানে অফিশিয়ালরা তাগিদ দেখান না, তাই চলে যেতে হয়। খেলোয়াড়দের কিছু দোষ অস্বীকার করব না। তবে লম্বা সময়ের জন্য চুক্তি করলে এটা কমবে।’
অনেক খেলোয়াড় আগেই সব টাকা নিয়ে চোটের কথা বলে খেলেন না বলেও অভিযোগ আছে। ক্লাবের এমন অভিযোগে গত বছর মোহামেডানের অর্থেক টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন জাহিদ হোসেন। বছর বছর দলবদল নিয়ে এমিলির সুরেই তাঁর ব্যাখ্যা, ‘ক্লাবগুলো কথা রাখে না। তারা পেশাদার নয়। খেলোয়াড়কে অবহেলা করে।’
ক্লাবগুলোর পেশাদার কাঠামো নেই, এটা সত্য। কোনো কোনো ক্লাব হঠাৎ এক বছর জেগে উঠে পরের বছর চুপসে যায়। এই অনিশ্চয়তাকেই নানা কূলে তরি ভেড়ানোর বড় কারণ বলে দাবি এমিলি-মামুনুলদের। তাঁদের ভিড়ে ব্যতিক্রম প্রাণতোষের কথা, ‘এটা সত্য, ক্লাবের প্রতি দরদ এখন কম। তবে আমি অন্য ক্লাব থেকে অফার পেলেও আবাহনীর জন্য অপেক্ষা করি। আমার পরিবারও বলে, ক্লাব বদলানোর প্রয়োজন নেই।’
ঘরোয়া ফুটবলে প্রাণ ফেরাতে ক্লাব-বন্ধন শক্তিশালী করার প্রয়োজন স্বীকার করছেন মামুনুলরাও। শর্ত হলো, ক্লাবকে পেশাদার হতে হবে। তাতেও কি ক্লাবের প্রতি খেলোয়াড়ের ভালোবাসা জন্মাবে? ফিরে আসবে কি ক্লাব-বন্ধন?