কোথায় হারাল সেই দর্শক!

গত ২ সেপ্টেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হয়েছিল বিভাগীয় কমিশনার কাপ ফুটবলের ফাইনাল। নরসিংদী ও সুনামগঞ্জ জেলা দলের ফাইনালে গ্যালারি ছিল টইটম্বুর। অথচ মাত্র ২৩ দিনের ব্যবধানে ঠিক উল্টো দৃশ্য সেই স্টেডিয়ামে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো ম্যাচেই স্টেডিয়াম মার্কেট-সংলগ্ন উত্তর গ্যালারিটাও ছিল খাঁ খাঁ।
অথচ এই সিলেটেই নেপালের সঙ্গে বাংলাদেশের প্রীতি ম্যাচ, বঙ্গবন্ধু গোল্ডকাপ, সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে দর্শকদের জায়গা দিতে হিমশিম খেতে হয়েছে জেলা ক্রীড়া সংস্থাকে (ডিএসএ)। দর্শকের ভিড়ে গেট পর্যন্ত ভেঙে পড়েছে।
এবার কেন সিলেটে দর্শক নেই? কারণ হিসেবে ধরা হচ্ছে, প্রচারণা খুব কম হয়েছে। সৌজন্য টিকিটও সেভাবে পায়নি ডিএসএ। বিপিএলের আয়োজন নিয়ে ডিএসএর সঙ্গে সমন্বয়হীনতা ছিল আয়োজক সাইফ গ্লোবাল স্পোর্টসের। সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট সিরিজ।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম ফাঁকা গ্যালারির জন্য আয়োজক সাইফ গ্লোবাল স্পোর্টসকে দায়ী করলেন, ‘প্রচারণার মূল দায়িত্ব স্পনসর প্রতিষ্ঠানের। তারাও প্রচারণা চালায়নি, আমাদেরও ভালোভাবে প্রচার করতে দেয়নি। তাদের যত নজর ছিল কনসার্টে। শহরে বিপিএলের পোস্টারে কোনো ফুটবলারের ছবি নেই। স্থানীয় ক্লাবগুলোকে সৌজন্য টিকিট পেতেও গলদঘর্ম হতে হয়েছে। দর্শক না হওয়ায় সবাই আমাকেই দোষ দিচ্ছেন, কিন্তু আমার হাতে কোনো কর্তৃত্বই নেই।’
স্থানীয় ক্রীড়াসাংবাদিক মান্না চৌধুরী হতাশ সিলেটে এমন দর্শকখরা দেখে, ‘এবার এত কম দর্শক হবে, তা আমরাও আশা করিনি। প্রচারণার দায় তো আছেই। তবে লিগের খেলা যেহেতু ভালো হয়েছে, দ্বিতীয় লেগে নিশ্চয়ই দর্শক হবে।’