কোথায় গিয়ে থামবেন নেইমার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলুদ জার্সিতে আরও একবার দুর্দান্ত নেইমার। কাল আর্জেন্টিনার বিপক্ষে। ছবি: এএফপি।
হলুদ জার্সিতে আরও একবার দুর্দান্ত নেইমার। কাল আর্জেন্টিনার বিপক্ষে। ছবি: এএফপি।

এখনই এই প্রশ্নটা হয়তো একটু আগেভাগেই হয়ে যায়। একজন ফুটবলারের বয়স মাত্র ২৪ বছর ২৮০ দিন, তাঁর সেরা সময়টাই তো সামনে পড়ে আছে। শেষ পর্যন্ত তিনি কোথায় গিয়ে থামবেন, সেটা এখনই অনুমান করাটা তো মুশকিলই। তবে নেইমার একটা ব্যাপার প্রায় নিশ্চিত করে দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটা হয়তো তাঁরই হতে যাচ্ছে।

কাল যেমন সেই সিংহাসনে ওঠার পথে আরেকটা ছোট্ট লাফ দিলেন। ব্রাজিলের হলুদ জার্সিতে ৫০ গোল হয়েছে নেইমারের। দক্ষিণ আমেরিকা বা ইউরোপের আর কারও এত কম বয়সে ৫০ গোল করার রেকর্ড নেই। আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলের জয়ে তো সামনে থেকেই পথ দেখিয়েছেন। কুতিনহোর করা দারুণ গোলটাতে তাঁর অবদান ছিল, পরে গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে নিজে করেছেন দলের দ্বিতীয় গোল। আর সেটিতেই হয়ে গেছে মাইলফলক, মাত্র চতুর্থ ব্রাজিলিয়ান হিসেবে ৫০ গোলের রেকর্ড হয়ে গেছে তাঁর।

এর আগে যে তিনজনের এই কীর্তি ছিল, তাঁরা সবাই ব্রাজিলের ইতিহাসে অমর হয়েই আছেন। নেইমারের ঠিক সামনেই এখন রোমারিও, ৭০ ম্যাচে তাঁর গোল ৫৫টি। ৯৮ ম্যাচে ৬২ গোল নিয়ে এর পরেই আছেন ‘ফেনোমেনন’ রোনালদো। আর ৯১ ম্যাচে ৭৭ গোল নিয়ে সবার ওপরে পেলে। ফুটবলসম্রাটকে ছাড়িয়ে যেতে নেইমারের দরকার আর ২৮ গোল।

যেভাবে ছুটছেন, সেটা না হওয়ার কারণ নেই। ২০১০ সালে অভিষেকের বছরে শুধু একটি গোল পেয়েছিলেন। এর পরের চার বছরে গোল পেয়েছেন ৪১টি। গত বছরটাই শুধু নিয়মিত খেলতে পারেননি, নয় ম্যাচে ছিল চার গোল। এই বছরও পাঁচ ম্যাচে করে ফেলেছেন চার গোল। বিশ্বকাপ বাছাইপর্বে সাতটি ম্যাচ খেলেছেন, তাতেই গোল হয়ে গেছে চারটি। এভাবে চলতে থাকলে গোলের সেঞ্চুরিটাও নিশ্চয় নেইমারের কাছে অসম্ভব মনে হবে না।

তবে আপাতত অত দূরে ভাবতে চাইবেন না। গোল করে, করিয়ে ব্রাজিলের জন্য তো অবদান রাখছেনই। দেশের হয়ে যেমন ৩০টি অ্যাসিস্ট হয়ে গেছে। গোল করানোর সব পরিসংখ্যান নেই বলে এটা রেকর্ড কি না, সেটি অবশ্য জানার উপায় নেই। তবে নেইমারের তেমন কিছু যাবে–আসবে না। গোল করা বা করানো, দুটিতেই যে তাঁর আনন্দ!