কোথায় থামবেন বুফন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের সেপ্টেম্বরের কথা। বুলগেরিয়ার সঙ্গে মাত্র ১-০ গোলে ম্যাচ জিতেছে ইতালি। দুর্দান্ত খেলেছেন জিয়ানলুইজি বুফন। ম্যাচ শেষে চোখেমুখে বিস্ময় নিয়ে সাংবাদিকেরা ঘিরে ধরলেন ইতালিয়ান গোলকিপারকে। বিস্ময় নিয়েই তাঁদের প্রশ্ন, ৩৫ বছর বয়সেও কীভাবে এত দুর্দান্ত খেলছেন ‘বুড়ো’ বুফন? বুফনও উত্তরটা দিলেন দুষ্টুমি করে, ‘বুঝতে পারছি না আপনারা কেন এত আশ্চর্য হচ্ছেন!’
ইঙ্গিতটা পরিষ্কার, বয়স ৩৫, তাতে কী? কারও কারও জন্য বয়সটা সত্যিকার অর্থেই একটা সংখ্যা মাত্র।
চার বছর পর সেই বুড়োর বয়স এখন ৩৯। নামটা ‘বুফন’ বলেই পরশু তাঁর ছোঁয়া মাইলফলকটাও মোটেই আশ্চর্য মনে হবে না। কী সেটি? বিশ্বকাপ বাছাইপর্বে আলবেনিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল বুফনের পেশাদার ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ!
১৯৯৫ সালে ১৭ বছর বয়সে প্রথম পারমার গোলপোস্টে দাঁড়ানো। ক্লাবটার গোলপোস্ট সামলেছেন আরও ২১৯ বার। ২০০১ সালে জুভেন্টাসে এসে এখন পর্যন্ত খেলেছেন ৬১২ ম্যাচ। আর পরশু আলবেনিয়ার সঙ্গে ম্যাচটি ছিল ইতালির জার্সিতে বুফনের ১৬৮তম।
কোথায় গিয়ে থামবেন বুফন? পরশু ম্যাচের আগে এ প্রশ্নে যে উত্তর দিয়েছেন ইতালিয়ান কিংবদন্তি গোলকিপার, তাতে ভবিষ্যৎ প্রজন্মের স্ট্রাইকাররাই কেবল স্বস্তি পেতে পারেন, ‘আপাতত এতটুকু বলতে পারি, আরও এক হাজার ম্যাচ খেলব না।’ দ্য টেলিগ্রাফ।