কোথায় ভুল করল বার্সেলোনা

>
- সমালোচনায় বার্সা কোচ আর্নেস্তা ভালভার্দের রক্ষণাত্মক কৌশল
- সাইডবেঞ্চকে কৌশল খাটিয়ে ব্যবহার করতে পারেননি ভালভার্দে
- রক্ষণভাগকেও সেভাবে অনুপ্রাণিত করতে পারেননি বার্সা কোচ
- শিষ্যদের ঘুরিয়ে-ফিরিয়ে (রোটেশন) খেলাতে পারেননি তিনি
প্রথম লেগে ৩ গোল ব্যবধানে এগিয়েও থেকেও হার! আশ্চর্য পতন? তা তো অবশ্যই। সব পতনেরই কারণ থাকে। এএস রোমার মাঠে বার্সেলোনার এই আশ্চর্য পতনেরও কারণ খুঁজে বের করেছেন বিশ্লেষকেরা।
সতেজ পায়ের অভাব
আর্নেস্তো ভালভার্দের ফুটবল কৌশলকে অনেকেই সমীহ করেন। কিন্তু রোমার বিপক্ষে বার্সা কোচের একাদশ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। একাদশে সতেজ খেলোয়াড়ের অভাব। ভালভার্দের বিপক্ষে খেলোয়াড় ঘুরিয়ে ফিরিয়ে (রোটেশন) না খেলানোর অভিযোগ রয়েছে। মৌসুমের শেষ লগ্নে এসে ভালভার্দে তাঁর পুরো শক্তি প্রয়োগ করেছেন লিগ জয়ের পেছনে। অথচ টেবিলে শীর্ষস্থানীয় বার্সার লিগ জয়টা শুধুই সময়ের ব্যাপার।
চার দিন আগে লেগানেসের বিপক্ষে লিগ ম্যাচে লিওনেল মেসি-লুই সুয়ারেজ জুটির একজনকে তিনি বসিয়ে রাখলেও পারতেন। কিংবা রক্ষণভাগে জেরার্ড পিকেকেও বিশ্রাম দিতে পারতেন। আক্রমণভাগ কিংবা রক্ষণভাগে সতেজ খেলোয়াড় না থাকার কুফল রোমে হাড়ে হাড়ে টের পেয়েছেন ভালভার্দে। রোমার রক্ষণভাগে বার্সা আক্রমণভাগের নেওয়া ৯টি শটের মধ্যে গোলপোস্টে ছিল মাত্র তিনটি শট! কিংবা এডিন জেকোর প্রথম গোলটি স্মরণ করুন। তাঁকে পাস দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন ড্যানিয়েল ডি রসি। অথচ বার্সা রক্ষণের কেউ তাঁকে চেপে ধরলেন না! এটা টানা ম্যাচ খেলার খেসারত।
রক্ষণাত্মক মানসিকতা
৪-৪-২ ফর্মেশনে একাদশ সাজিয়েছিলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। স্ট্রাইকার ওউসমানে ডেমবেলেকে বেঞ্চে রেখে ফুলব্যাক সার্জি রবার্তোকে প্রথম একাদশে খেলিয়েছেন বার্সা কোচ। অর্থাৎ ভালভার্দে ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক ছিলেন। গোল করার চেয়ে গোল হজম করা ঠেকাতেই বেশি মনোযোগী ছিলেন ভালভার্দে। অথচ রোমার মাঠে একটা ‘অ্যাওয়ে গোল’ কিন্তু ম্যাচের ফল পাল্টে দিতে পারত।
বার্সা কোচের রক্ষণাত্মক কৌশলের সুযোগ নিয়ে রোমা ম্যাচের শুরু থেকেই আক্রমণ শাণিয়েছে। এতে মাঝমাঠ ছেড়ে উইং ধরে খেলতে বাধ্য হয়েছেন তাঁর শিষ্যরা। ম্যাচ শেষে ভালভার্দে নিজেই স্বীকার করেছেন, ‘ভালো শুরু করলেও আমরা যা করতে চেয়েছিলাম, তা পারিনি। চাপ বজায় রেখে তারা আমাদের উইং দিয়ে খেলতে বাধ্য করেছে।’
বেঞ্চের ওপর আস্থাহীনতা
ভালভার্দের রক্ষণাত্মক কৌশলের শিকার হয়েছে বার্সার সাইডবেঞ্চ। ম্যাচে ৮০ মিনিটের আগে তিনি কোনো বদলি খেলোয়াড় মাঠে নামাননি। রোমা ৩ গোল করেছে ৮২ মিনিটের মধ্যে। এরপরই দলটি রক্ষণাত্মক খোলসে ঢুকে পড়ে। ভালভার্দে যে তিনজন খেলোয়াড় (আন্দ্রে গোমেজ, পাকো আলকাসের ও ডেমবেলে) মাঠে নামিয়েছেন, তা ৮১ থেকে ৮৫ মিনিটের মধ্যে। প্রয়োজনীয় গোল পেয়ে যাওয়ার পর রোমা রক্ষণাত্মক খেলতে শুরু করায় তখন আসলে আক্রমণাত্মক কৌশল অবলম্বন করে বার্সার কোনো লাভ হয়নি।
রোমা যখন গোল পেতে মরিয়া ছিল, তখন তাঁদের রক্ষণে খেলার জায়গা ছিল। ভালভার্দে এ সুযোগটা লুফে নিতে ব্যর্থ হয়েছেন। বেঞ্চ থেকে ডেমবেলেকে আগে মাঠে নামালে হয়তো মহামূল্যবান ‘অ্যাওয়ে গোল’টা বার্সা পেলেও পেতে পারত।
ভঙ্গুর রক্ষণ
ভালভার্দে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করলেও ডিফেন্ডারদের সেভাবে অনুপ্রাণিত করতে পারেননি। পিকে-সেমেদোদের মূল কাজটা ছিল কোনোভাবেই ৩ গোল হজম করা যাবে না। প্রথম গোলটা তো বার্সা রক্ষণভাগের গদাইলস্করি চালে খেলার খেসারত। পিকে-উমতিতি-আলবারা এখান থেকেই সাবধান হতে পারতেন। কিন্তু ৫৮ মিনিটে রোমা যে পেনাল্টি পেল, সেটা তো বার্সা রক্ষণভাগের বোঝাপড়ার ভুল। জেকোকে আগেই থামাতে না পারায় তাঁকে ‘ফাইনাল চার্জ’ করতে বাধ্য হয়েছেন পিকে। আরও আশ্চর্যের ব্যাপার হলো, দল যেখানে গোল খেয়ে হারছে, সেখানে মাঝমাঠ কিংবা আক্রমণভাগ থেকে কেউ এসেও পিকে-উমতিতিদের সেভাবে সাহায্য করেননি। ভালভার্দে মেসি-সুয়ারেজদের অন্তত এ নির্দেশটুকু দিতে পারতেন।
রোমার প্রেসিং ফুটবলের সামনে ভালভার্দের রক্ষণাত্মক কৌশল পুরোপুরি মার খেয়েছে। মেসি হয়তো পার্থক্য গড়ে দিতে পারতেন। কিন্তু পাঁচ বছর ধরে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল মানেই মেসির গোলখরা! এবারের দুই লেগেও তা অব্যাহত রইল। তবে একটি ব্যাপার হয়তো মনোযোগের আড়ালে চলে গেছে।
বৃষ্টির কারণে রোমার মাঠ এমনিতেই বেশ ভারী ছিল। তার ওপর ম্যাচের আগে রোমার মাঠকর্মীরা আরও পানি ঢেলেছেন। এটা হয়তো ইতালিয়ান ক্লাবটির রণকৌশল। কারণ, বৃষ্টিভেজা মাঠে পাসিং ফুটবল খেলা ভীষণ কঠিন। আর বার্সা তো পাসিং ফুটবল খেলতেই অভ্যস্ত। অন্য দিকে ইতালিয়ান ক্লাবগুলো দূরপাল্লার পাসে খেলতে সিদ্ধহস্ত। ভালভার্দে রোমার এই চাতুরীটুকুও কিনা ধরতে পারলেন না!