কোথায় যাচ্ছেন ফ্যালকাও?
খুব বেশিদিন হয়নি, গত মৌসুমেই ৬ কোটি ইউরো দিয়ে রাদামেল ফ্যালকাওকে কিনেছে মোনাকো। মাত্রই একটি মৌসুম গেল, এখন শোনা যাচ্ছে, মোনাকো ছেড়ে যেতে পারেন এই কলম্বিয়ান স্ট্রাইকার। কিন্তু কোথায় যাচ্ছেন ফ্যালকাও?
রিয়াল মাদ্রিদের নামটাই বেশি ভাসছিল বাতাসে। ফ্যালকাও নিজেও নাকি মাদ্রিদে যেতেই বেশি উৎসাহী ছিলেন। কিন্তু পরশু হঠাৎ করেই সেই সম্ভাবনা স্তিমিত হয়ে গেল। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলে দিয়েছেন, ‘আমরা নতুন আর কাউকে আনছি না।’ এমনিতেই হামেস রদ্রিগেজ, টনি ক্রুস ও কেইলর নাভাসকে আনতে ১০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ফ্যালকাওকে কিনতে টাকা হয়তো তাদের কাছে সমস্যা নয়, কিন্তু উয়েফার আর্থিক নীতির একটা বাধ্যবাধকতা আছে। শেষ পর্যন্ত তাই ইচ্ছা থাকলেও ফ্যালকাওকে আনা হবে না রিয়ালের।
এই অবস্থায় দৃশ্যপটে লিভারপুল। লুইস সুয়ারেজ চলে যাওয়ায় ভালো একজন স্ট্রাইকারের জন্য হন্যে হয়ে ফিরছে ইংলিশ ক্লাবটি। মেইল জানাচ্ছে, ফ্যালকাও পাকাপাকিভাবে অ্যানফিল্ডে না এসে ধারে আসতে পারেন। সে জন্য মোনাকো এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ইউরো চাইতে পারে লিভারপুলের কাছে। তার ওপর ফ্যালকাওকে মোটা অঙ্কের বেতনও দিতে হবে, সেটার পরিমাণ হতে পারে সপ্তাহে আড়াই লাখ ইউরো।
এদিকে ম্যানচেস্টার সিটিও নাকি ফ্যালকাওয়ের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেছে। এএস, মেইল অনলাইন।