কোথায় হারাল ফুটবলের দলবদলের সেই উত্তাপ! বিমানবন্দর থেকে খেলোয়াড় ছিনিয়ে নেওয়ার কত কত গল্প বাংলাদেশের ফুটবল ইতিহাসে লেখা আছে। সর্বশেষ এটা হয়েছে গোলরক্ষক আমিনুলকে ঘিরে। এ ছাড়া নির্জন জায়গা থেকে সংগঠকদের কড়া পাহারা এড়িয়ে পালানোর রোমাঞ্চকর কাহিনিও অনেক। শেখ আসলামকে চট্টগ্রামে গিয়ে পাকড়াও করেও পায়নি মরিয়া মোহামেডান। এর আগেই ‘নিরাপদে’ সরিয়ে আনে আবাহনী। সেসব গল্প আজও শোনা যায় অনেকের মুখে। কিন্তু সবই মনে হয় কতকাল আগের কথা!
এখন বড় বড় দল গোপনে খেলোয়াড় টেনে ঘর গুছিয়ে ফেলে অনেক আগেই। এ অবস্থা চলছে এক যুগেরও বেশি সময়। তাই আজ শুরু ফুটবলারদের মাসব্যাপী দলবদল শুরুর দিনে লেখা হবে না কোনো রুদ্ধশ্বাস কাহিনি। গত জানুয়ারির প্রথম সপ্তাহে লিগ শেষ হওয়ার পরই আস্তে আস্তে সবাই জেনে যায় কে কোন দলে যাচ্ছেন।
ফুটবলারদের দলবদল নিয়ে আগ্রহটা এমনিতেই এত দিন কম ছিল। ভুটানের কাছে জাতীয় দলের সাম্প্রতিক হারের পর তাতে আরও ভাটা পড়েছে। তারই প্রভাবে খেলোয়াড়দের বাজারমূল্যের ঊর্ধ্বগতিতে কিছুটা টান পড়েছে এবার। যদিও গতবার যেমন মামুনুল ইসলাম ৬০ লাখ টাকা পেয়েছেন, এবার ৬০ না হোক ৫০ লাখ বা এর কাছাকাছি দাম তুলে দিয়েছে নবাগত সাইফ স্পোর্টিং। জামাল ভূঁইয়া ও তপু বর্মণ তাদের সবচেয়ে দামি খেলোয়াড়। তবে এটিকে ব্যতিক্রম ধরে নিতে হবে। কারণ, গড়পড়তা টাকা কমেছে। গতবার কেউ ৪০ লাখ পেলে এবার ২৫ থেকে ৩০-এর বেশি নয়।
শোনা যাচ্ছে, সাইফের পর বেশি টাকা দিচ্ছে চট্টগ্রাম আবাহনী। এরপর ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল। এমনও আলোচনা আছে, বাজারমূল্য কমাতে কোনো কোনো কর্মকর্তা ‘পুল’ করার প্রস্তাব দিয়েছিল আড়ালে-আবডালে, কিন্তু তাতে রাজি হননি অন্যরা। তা ছাড়া বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও ‘পুল’ পছন্দ করেন না।
টাকার অঙ্ক হয়তো কমেছে, তবে শক্তিশালী দলের সংখ্যা বেড়েছে চলতি সময়ে। গতবার আবাহনী, শেখ রাসেল, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী ছিল শক্তির দিক থেকে ওপরের সারিতে। নতুন মৌসুমে যোগ হয়েছে সাইফ ও মোহামেডান। শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক তো বলেই দিচ্ছেন, ‘ঘরোয়া ফুটবলে এবার লড়াইটা আরও জমবে। প্রতিদ্বন্দ্বী দল হবে ছয়টি।’
তা কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়ছে কারা? লিগ চ্যাম্পিয়ন আবাহনী ছেড়ে পাঁচ ফুটবলার চলে গেলেও আকাশি-নীলরাই অনেকের চোখে এবারও এগিয়ে। কারও কারও চোখে মোহামেডান দুইয়ে। শেখ জামাল মূলত তারুণ্যনির্ভর দল গড়েছে, শেখ রাসেলও অনেকটা তা-ই। এই দুটি দল শীর্ষ ফুটবলারের পেছনে ছোটেনি।
এই কাজটা করেছে মূলত সাইফ। আবাহনীকে ঝাঁকুনি দিয়ে তারা নিয়েছে আরিফ, হেমন্ত, জুয়েল রানা, তপু বর্মণ, শাকিলকে। যদিও এই খেলোয়াড়দের নিজেদের দাবি করে এক বছর নিষিদ্ধ করেছে আবাহনী। ওই ‘মামলাটা’ এখন বাফুফের হাতে। তবে পাঁচ ফুটবলারকে হারালেও আবাহনী তা পুষিয়ে নিতে পেরেছে সোহেল, নাসিরউদ্দীন, রায়হান, ইয়ামিন মুন্না, রুবেল মিয়াকে যোগ করে। ওদিকে মামুনুল চট্টগ্রাম আবাহনীতেই থাকছেন। সঙ্গে জাহিদ, গোলরক্ষক আশরাফুল রানা, সোহেল রানা।
বড় বাজেটের দল গড়তে শেখ জামালের যে আগ্রহটা গত কয়েক বছর দলবদলের বাজার চাঙা করেছিল, এবার সেই শেখ জামালের কোনো আওয়াজ নেই। কেষ্ট, দিদার, এনামুল, ইয়াছিনদের ধরে রেখে দলটি নিয়েছে একঝাঁক নতুন ফুটবলার। শেখ রাসেলেরও মোহভঙ্গ হয়েছে। গত বছর কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও ফল আসেনি। এবার মিশু, শাহেদ, রাজু, জিয়া, বিপ্লবদের সঙ্গে কিছু তরুণ ফুটবলার যোগ করে দলটি চায় ধীরে এগোতে।
সবচেয়ে উল্লেখযোগ্য, মোহামেডানের নড়েচড়ে বসা। গত লিগে দশ নম্বর হয়ে কোনোরকমে অবনমন ঠেকাতে পেরেছিল, তাতে তো আর লজ্জা ঢাকা যায়নি! এবার তাই নড়েচড়ে বসে এমিলি, মিঠুন, শরিফ, মামুন খান, নাসিরুল, মিন্টু শেখ, ফয়সাল মাহমুদদের নিচ্ছে সাদা-কালোরা।